ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে বিদেশি পেসারদের চোটে নাজেহাল সানরাইজার্স হায়দরাবাদ। চোটের তালিকার সবশেষ সংযোজন ডেভিড পেইন। তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কুটসিয়াকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।
আইপিএলের বাকি সময়ের জন্য ২ কোটি রুপিতে কুটসিয়াকে নিয়েছে হায়দরাবাদ। মজার বিষয় হলো—যাঁর বদলি হিসেবে কুটসিয়াকে দলে নিয়েছে হায়দরাবাদ, সেই পেইনকেও নেওয়া হয়েছিল বদলি ক্রিকেটার হিসেবে। অস্ট্রেলিয়ান পেসার জ্যাক এডওয়ার্ডস চোট পেলে পেইনকে নেয় হায়দরাবাদ। দুই ম্যাচে পাঁচ ওভার বল করে ৭০ রান দেন। গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি।
কুটসিয়ার জন্য আইপিএলে সুযোগ পাওয়া এটাই প্রথম নয়। ২০২১ সালের মৌসুমে তাঁকে দল নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেবার কোনো ম্যাচ খেলা হয়নি কুটসিয়ার। ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১০ ম্যাচে নেন ১৩ উইকেট। গত মৌসুমে গুজরাট টাইটানসের হয়ে ৪ ম্যাচে পান ২ উইকেট। নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত এবারও আইপিএল খেলার সুযোগ পেলেন কুটসিয়া।
দারুণ ফর্মে আছেন কুটসিয়া। আইপিএল শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ঝুলিতে পুরেন ৮ উইকেট; ওভারপ্রতি খরচ করেন ৬.২১ রান। এই ফর্মই এবার তাঁকে আইপিএলে খেলার সুযোগ করে দিল।
এবারের আইপিএলে সব মিলিয়ে তিন জন পেসারকে হারাল হায়দরাবাদ। এডওয়ার্ডস এবং পেইন ছাড়াও চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। অনুশীলনের সময় চোট পাওয়ায় একটি ম্যাচও খেলা হয়নি এই ইংলিশ ক্রিকেটারের। তাঁর বদলি হিসেবে শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কাকে দলে নিয়েছে হায়দরাবাদ।
এত চোটের ভীড়ে একটি সুখবরও আছে অরেঞ্জ আর্মিদের জন্য। পিঠের চোট থেকে সেরে উঠায় দলে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স। সিডনিতে স্ক্যানের পর তাঁকে খেলতে সবুজ সংকেত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মেডিকেল বিভাগ। আগামী ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে কামিন্সের।