সাত বছর পর জাতীয় দলে ফিরে যেন আগুন ঝরালেন নাবিল মাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিখলেন নতুন ইতিহাস—মাত্র ২.৪ ওভারে ২ রান দিয়ে ৬ উইকেট, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইয়ে মালির বিপক্ষে এই অবিশ্বাস্য স্পেল উপহার দেন বতসোয়ানার নাবিল। তাঁর বোলিং তাণ্ডবে মাত্র ২৪ রানে গুটিয়ে যায় মালি। দলটিকে গুঁড়িয়ে দেওয়ার পথে সামনে থেকে নেতৃত্ব দেন এই পেসার।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাবিলের। সে বছর দুটি ম্যাচ খেলার পর দীর্ঘ সাত বছর জাতীয় দলের বাইরে ছিলেন। প্রত্যাবর্তনের ম্যাচে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে তো রীতিমতো বিশ্ব রেকর্ডই গড়লেন নাবিল।
মালির ইনিংসে ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন মাস্টার। প্রথম স্পেলে কোনো রান না দিলেও আসল ঝড় শুরু হয় অষ্টম ওভারে। তখন মালির স্কোর ছিল ৪ উইকেটে ১৮ রান। ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে শুরু করেন ধস। একই ওভারে আরও দুই ব্যাটারকে ফেরান তিনি। পরে ইনিংসের দশম ওভারে ফিরে তুলে নেন আরও তিন উইকেট।
নাবিলের বোলিং ফিগার ছিল এমন—২.৪-১-২-৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রান দিয়ে ৬ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। আগের রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের হার্ষা ভরদাজের দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
নাবিলের বিধ্বংসী বোলিংয়ে মালিকে অল্প রানে গুটিয়ে জয় তুলে নিতে খুব বেশি দেরি করেনি বতসোয়ানা। মাত্র ২.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ১০ উইকেটের দাপুটে জয়ে মাঠ ছাড়ে বতসোয়ানা।