সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ ৬ উইকেটের আয়েশি জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তবে সিরিজে সমতায় ফেরার পর একটা প্রশ্ন অনেকেরই জেগেছে যে নাজমুল হোসেন শান্তর এখন কী অবস্থা।
শান্ত আজ ৭১ বলে ৫ চার এবং ২ ছয়ে ৫০ রান করেছেন। ২৯তম ওভারের প্রথম বলে জেডন লেনক্সকে শর্ট মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি করেন শান্ত। তৎক্ষণাৎ পানি পানের বিরতি নেওয়া হয়। তবে ক্র্যাম্প ধরা পড়ায় ঠিকমতো হাঁটার অবস্থাতেও ছিলেন না শান্ত। ফিজিও এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁকে তুলে নিয়ে যান। প্রচণ্ড গরমের কারণে হয়তো পানিশূন্যতার সমস্যায় ভুগছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তবে তাঁর ব্যাপারে আশ্বস্ত করেছেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘তার (শান্ত) অবস্থার উন্নতি হচ্ছে।’
টিকে থাকার লড়াইয়ে নামা বাংলাদেশ আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে অর্ধেক কাজ সেরে ফেলে বোলিংয়েই। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের অর্ধেক ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাহিদ রানা। ১০ ওভারে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন এই গতিতারকা। রানার পাশাপাশি পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন মিরাজ, ‘রানা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সেই সঙ্গে শরীফুল আর তাসকিনও। উইকেট বেশ ভালো মনে হচ্ছে। এ ধরনের উইকেটে ভালো বোলিং করা সহজ নয়।’
১৯৯ রানের লক্ষ্যে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে শান্ত-তানজিদ হাসান তামিমের ১১০ বলে ১২০ রানের জুটিতে ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় স্বাগতিকেরা। ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমাদের দলের জন্য এটি দারুণ একটি মুহূর্ত। সবাই খুব ভালো বোলিং করেছে। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছে।’ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।