প্রথম দিনের শেষ বিকেলের ৬ ওভারে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল পাকিস্তানকে। এরপরও স্বস্তির কথা হলো, বিনা উইকেটেই দিনটা পার করতে পেরেছিল সফরকারীরা। কিন্তু শান মাসুদের দলের জন্য দ্বিতীয় দিনের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।
আজ প্রথম সেশনে পাকিস্তানের ব্যাটিং লাইনে আঘাত হেনেছেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। এই দুজনে তুলে নিয়েছেন ৪ উইকেট। তাতে দ্বিতীয় দিনের শুরুতেই বেশ চাপে মুখে আছে পাকিস্তান। দুপুরের খাবার খেতে যাওয়ার আগে ৪ উইকেট হারানোর দলটির সংগ্রহ ৯৬ রান।
২১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজল। দিনের দ্বিতীয় ওভারেই ফজলকে (৯) ফিরিয়ে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। এক ওভার পর বোলিংয়ে এসে আরেক ওপেনার আজানকেও বিদায় করে দেন এই পেসার। ব্যক্তিগত ১৩ রানে মুমিনুল হকের তালুবন্দী হন আজান। দলীয় ২৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
তৃতীয় উইকেটে প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টেকেনি বাবর আজম-মাসুদের জুটি। মিরাজের করা ১৭তম ওভারের দ্বিতীয় বলে শর্ট কাভারে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন অধিনায়ক। ৬১ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। মাসুদ ফেরেন ২১ রান করে।
সেশনের শেষ উইকেটটাও তুলে নেন মিরাজ। এই স্পিনারের বলে সুইপ করতে গিয়ে লিটনের গ্লাভসে ধরা পড়েন সৌদ শাকিল। ৮ রান করে ফেরেন এই মিডলঅর্ডার। এরপর ক্রিজে আসেন সালমান আলী আগা। তাঁকে নিয়ে সেশনের বাকিটা সময় পার করে দেন বাবর। সাবেক অধিনায়ক ৩৭ এবং সালমান ৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন। এখনো পাকিস্তানের চেয়ে ১৮২ রানে এগিয়ে বাংলাদেশ।