হোম > খেলা > ক্রিকেট

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সবশেষে এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার ঘটনায় জল কম গড়ায়নি। এই ইস্যুতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। সম্পর্ক উন্নয়নে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় দলের। আগামী বছর এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। তার আগে নতুন সরকারের অধীনে ভারতের সঙ্গে সম্পর্ক আবার আগের জায়গায় নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিবি—এমনটাই জানিয়েছে বিসিবির ওই সূত্র।

বিসিবির দেওয়া চিঠি যে ইতিবাচক দিকেই এগোচ্ছে, তার ইঙ্গিতও পাওয়া গেছে এরই মধ্যে। এক সাক্ষাৎকারে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। আইপিএল প্রধানের এই বক্তব্যই যেন ইঙ্গিত করে—বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক আবার সেই আগের জায়গায় ফিরছে।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কার বিষয়টি তুলে ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। শেষ পর্যন্ত বিশ্বকাপই খেলা হয়নি বাংলাদেশের। ওই ঘটনায় আলোচনায়-সমালোচনায় মুখর ছিল ক্রিকেট দুনিয়া। একই সঙ্গে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ঘোর শঙ্কা তৈরি হয়। নতুন সরকার গঠনের পর তিক্ততা ভুলে বিসিসিআইয়ের সঙ্গে কাজ করতে চায় বিসিবি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ সমাধান করতে চায় সংস্থাটি।

বিসিবির দেওয়া সম্পর্ক উন্নয়নের চিঠির কোনো জবাব এখনো দেয়নি বিসিসিআই। তবে ধুমালের ওই বক্তব্যের পর আশা দেখতেই পারে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল।

বিসিসিআই সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, চিঠিতে দুই বোর্ডের পুরোনো সম্পর্কের কথা তুলে ধরে এবং ভারতীয় দলের বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়েছে বিসিবি। গত বছর ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা থাকলেও ব্যস্ত সূচির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপ বিতর্কের পর সেই সফর বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়।

আগামী বছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্বও বাংলাদেশের। ভারত যদি বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা চিঠি পেয়েছেন। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না তাঁরা।

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী