হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    

অক্টোবরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ছবি: এএফপি

অক্টোবরে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজটি হবে ওয়ানডে সংস্করণে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে একটি টেস্টও খেলবে বাংলাদেশ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় সিরিজের সূচি ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পুরো সিরিজটিই হবে সংযুক্ত আরব আমিরাতে। ৯ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সাদা পোশাকের ম্যাচ শেষে দুই দল প্রস্তুত হবে ওয়ানডে সিরিজের জন্য। তাদের সঙ্গে যোগ দেবে জিম্বাবুয়ে। ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আয়োজক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২১ অক্টোবর।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তান-জিম্বাবুয়ে মুখোমুখি হবে ১৯ অক্টোবর। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২১ অক্টোবর। যদি ফাইনালে উঠতে পারে, তাহলে এক টেস্টসহ কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এসিবি অবশ্য ভেন্যুর নাম ঘোষণা করেনি। তবে জানা গেছে টেস্ট হতে পারে দুবাইয়ে। আর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি হওয়ার কথা শারজায়।

বাংলাদেশের পর এরপর জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও খেলবে আফগানিস্তান। ২৭ ও ২৯ অক্টোবর হবে আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের দুই টি-টোয়েন্টি। দুই দলের টেস্টও হবে দুই ম্যাচ সিরিজের। ৫ নভেম্বর শুরু হবে আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৩ নভেম্বর। ভেন্যুর নাম এখনো ঘোষণা করেনি এসিবি।

বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত টেস্টে দুইবার মুখোমুখি হয়েছে। দুই দলই একবার করে জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তারা মুখোমুখি হয়েছে গত বছর আমিরাতে। সেবার টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল ঠিকই। তবে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। ওয়ানডে সিরিজটিও ছিল তিন ম্যাচের।

বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি তারিখ ম্যাচ ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ১৯ অক্টোবর জিম্বাবুয়ে-আফগানিস্তান ২১ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান ২৩ অক্টোবর ফাইনাল