পাকিস্তান নাহিদ রানার ‘প্রিয়’ প্রতিপক্ষ বললেও ভুল বলা হবে না। বিদেশের মাঠে হোক কিংবা ঘরে, আগুনে বোলিংয়ে পাকিস্তানকে কাবু করছেন বাংলাদেশের গতিতারকা। এবার তিনি ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড।
আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর পাকিস্তানের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রানা-তাইজুল। খুররম শেহজাদ, সাজিদ খানকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন রানা। ৩ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখন রানার উইকেট ১৫। তাতে পেছনে পড়ে গেলেন সাকিব। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তারকা অলরাউন্ডার পেয়েছেন ১৪ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় রানা অবস্থান করছেন পাঁচ নম্বরে। এই তালিকায় সবার ওপরে থাকা তাইজুল তাঁর (রানা) প্রায় দ্বিগুণ উইকেট নিয়েছেন। এশিয়ার এই দলটির বিপক্ষে সর্বোচ্চ ২৯ উইকেট পেয়েছেন তাইজুল। দুই ও তিনে থাকা মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ রফিকের উইকেট ২০ ও ১৭। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেরা পাঁচে থাকা উইকেটশিকারীর তালিকায় রানাই একমাত্র পেসার।
মিরপুর, সিলেটে দুই টেস্টেই রানার খেলার ধরন একই। যেখানে মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এক উইকেট পেয়েছিলেন রানা। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এবার সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসেও উইকেট পেয়েছেন তিনি। শুরুতেও মুক্ত হস্তে রান বিলিয়ে দিচ্ছিলেন। কিন্তু প্রয়োজনের সময় উইকেট পেয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। ৪.৭৩ ইকোনমিতে পেয়েছেন ৩ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে রানা ১৫ উইকেটের মধ্যে বাবরকেই আউট করেছেন তিন বার। চলমান সিরিজে ৯ উইকেট পেয়েছেন রানা। আর সাকিব ২০২৪ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না। সেই সুযোগে তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন তাইজুল-রানারা।