হোম > খেলা > ক্রিকেট

শাদাবের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয়ে ফাইনালে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন শাদাব খান। পাকিস্তানকে এনে দিয়েছেন ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ছবি: এএফপি

বল বাকি ৯৭। রান দরকার ৮৮। উইকেটে তখনো শেষ স্বীকৃত ব্যাটার শাদাব খান। পাকিস্তানের উইকেটও বাকি কেবল একটা। কিন্তু শাদাব খান যে হাল ছাড়ার পাত্র নন। সুযোগ বুঝে ইংল্যান্ডের বোলারদের চার-ছক্কা মেরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে রাখেন। চাপ সামলে স্বাগতিকদের ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন তিনি। তাতে পাকিস্তান উঠে গেল ফাইনালে।

ম্যাচ অবশ্য শেষ হয়ে যেতে পারত ৪৪.২ ওভারেই। অ্যাটকিনসনের বল শাদাবের প্যাডে লাগতেই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এলবিডব্লুর আঙুল তুলে দেন। কিন্তু রিভিউ নিতেই দেখা যায়, বল শাদাবের ব্যাটের কানা ছুঁয়েছে। পাকিস্তানের স্কোর তখন ৯ উইকেটে ২২১ রান। শাদাবের রান তখন ৯৭। বেঁচে যাওয়ার পর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তুলির শেষ আচড় দিয়েছেন রউফ। হেনরি ক্রোকোম্বোকে ৪৮তম ওভারের প্রথম বলে চার মেরে রউফ জয়ের উল্লাসে মেতে ওঠেন।

শাদাব-হারিস রউফের শেষ উইকেটে ৮৯ রানের জুটিতে ভেঙেছে ৫১ বছরের পুরোনো এক রেকর্ড। দশম উইকেটে সফল রান তাড়ায় সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এখন পাকিস্তানের এই দুই ব্যাটারের।এর আগে ১৯৭৫ সালে পাকিস্তানের বিপক্ষে অ্যান্ডি রবার্টস-ডেরেক মারে ৫৭ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন। এবার শাদাব-রউফের ৮৯ রানের রেকর্ড জুটিতে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান।

২৪২ রানের লক্ষ্যে নেমে ৬.৫ ওভারে ৩ উইকেটে ৩১ রানে পরিণত হয় পাকিস্তান। টপ অর্ডারের তিন ব্যাটার ফখর জামান, বাবর আজম, সাইম আইয়ুব দ্রুত বিদায় নিয়েছেন। যাঁদের মধ্যে ফখর, বাবর দুজনই ১০ রান করে আউট হয়েছেন। দুই ব্যাটারকেই ফিরিয়েছেন গাস অ্যাটকিনসন। সাইম আইয়ুব এক অঙ্কের ঘরে (৬) আউট হয়েছেন। তাঁকে ফিরিয়েছেন আরেক পেসার হেনরি ক্রোকোম্বে। পাকিস্তানের বিপক্ষে আজকের ওয়ানডে দিয়েই ক্রোকোম্বের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে।

চাপে পড়া পাকিস্তানকে টেনে তোলার দায়িত্ব নেন সালমান আলী আগা ও সাদ বাইগ। তৃতীয় উইকেটে ৩১ বলে ৪৩ রানের জুটি গড়েন। টি-টোয়েন্টি মেজাজে চলতে থাকা এই জুটি ভাঙেন জেমি ওভারটন। ১২তম ওভারের শেষ বলে ওভারটনকে কাট করতে গিয়ে সাদ ক্যাচ তুলে দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা জ্যাকসের হাতে।

২২ বলে ৭ চারে ৩২ রান করেন সাদ। তিনি ফেরায় পাকিস্তানের স্কোর হয়ে যায় ১২ ওভারে ৪ উইকেটে ৭৪ রান। মুহূর্তেই স্বাগতিকেরা ৩৩.৫ ওভারে ৯ উইকেটে ১৫৪ রানে পরিণত হয়। ৩৪তম ওভারের পঞ্চম বলে রাজাউল্লাকে (৮) বোল্ড করে জ্যাকস ইংল্যান্ডের জয় এক রকম নিশ্চিত করে ফেলেন জ্যাকস। কিন্তু শাদাব হয়তো তখন মনে মনে বলছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যাঁয়।’ ইংল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাতে থাকেন।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার আগে আউট হয়ে বেঁচে যাওয়ার পর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন শাদাব। ইংল্যান্ডের ফিল্ডাররা যেমন রানআউটের সুযোগ হাতছাড়া করেছেন, তেমনি মিসফিল্ডিংও করেছেন। এমনকি স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ইংল্যান্ডকে বৃত্তের মধ্যে এক ফিল্ডার বেশি রেখে খেলতে হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে চার মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন রউফ।

শাদাব-হারিসের দশম উইকেটে ৮০ বলে ৮৯ রানের জুটিতে পাকিস্তান ৪৭.১ ওভারে ৯ উইকেটে করে ২৪৩ রান। ১৭ বল হাতে রেখে পাওয়া ১ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন শাদাব। ৯৬ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১১৩ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের জেমি ওভারটন নেন ৩ উইকেট।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তান খেলেছে গোলাপি জার্সি পরে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয়। সাময়িক চাপে পড়া ইংলিশরা উদ্ধার হয় স্যাম কারান-বেন ডাকেটের পঞ্চম উইকেটে ১০৫ বলে ৯৩ রানের জুটিতে।

পঞ্চম উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। সফরকারীরা অলআউট হয়েছে ৪৬.৪ ওভারে ২৪১ রানে। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ডাকেট। ১১১ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৫ রান করেন তিনি। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৮.৪ ওভারে ৪৬ রানে নিয়েছেন ৪ উইকেট।

৩ ম্যাচে ৩ হারে এখনো ইংল্যান্ডের পয়েন্ট শূন্য। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান শীর্ষে। দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২। লাহোর পরশু মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।

জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল

ভারতের কারণে এবার বদলাতে পারে বিশ্বকাপের ভেন্যুও

নাঈম শেখের ট্রিপল সেঞ্চুরির আক্ষেপ, রবিনের ডাবল সেঞ্চুরি

ভারত সিরিজের মাঝে দলে কেন এত পরিবর্তন

পাকিস্তান গোলাপি জার্সি পরে খেলছে কেন

ওয়াকার-শোয়েব আখতারের রেকর্ড ভাঙলেন আফ্রিদি

৫ বলে খেলা শেষ করে উগান্ডা যেখানে ছাড়িয়ে গেল বাংলাদেশ-ভারতকেও

ডি থ্রি টুর্নামেন্টের সূচি জানাল বিসিবি

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে