পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার, কোচ তো বটেই, এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। অসাধারণ এই অর্জনের পর নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের বোনাস দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বোনাস না দিয়ে সেই টাকা অন্য খাতে খরচ করা হবে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
ক্রিকেটাররাই বোনাসের টাকা জুনিয়র ক্রিকেটারদের জন্য সুইমিং পুল ও জিমনেশিয়ামের কাজে দিতে চেয়েছেন বলে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম। সংবাদমাধ্যমকে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘ক্রিকেটারদের কাছ থেকে একটা জিনিস এসেছে। সেটা আমি খুব প্রশংসা করি। তারা বলছে, ‘‘ভাইয়া, বোনাস আমাদের দরকার নেই। তবে আপনারা যদি খুব সুন্দর করে একদম সর্বোচ্চ সুবিধা দিয়ে জিমটা আর সঙ্গে সুইমিং পুলটা করে দেন, তাইলে আমরা এটা আমাদের বোনাস হিসেবেই ধরে নেব।’’’
বিসিবি শান্ত-লিটনদের বোনাস দিতে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন তামিম। তবে অনুজদের জন্য যা করে দেওয়া হবে, সেটাই শান্তদের কাছে বোনাস সমতুল্য। আজ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে। তবে তারা তাদের পক্ষ থেকে এই অবদান রাখতে চেয়েছে। কারণ, আমাদের পক্ষ থেকে প্রস্তুত ছিলাম। যদি বোনাস দেওয়া লাগত, অবশ্যই দিতাম। কারণ, আমার কাছে মনে হয়, সেটা প্রাপ্য। তবে এই উদ্যোগকে প্রশংসা করতে হবে। কারণ, তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা তাদের ছোট ভাইয়েরা, যারা অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ক্রিকেট অথবা এইচপিতে আছে, তারা এই সুবিধাগুলো পাবে।’
পৃথিবীর সেরা প্রযুক্তি বিসিবিতে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তামিম। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি তাদের বলেছি যে, পৃথিবীর সেরা যত সরঞ্জাম আছে, আমরা এই জিমটাকে খুব সুন্দরভাবে তৈরি করব। সুইমিং পুল, আইস বাথ করে দেব। হট বাথের জন্য যেটা সাম্প্রতিক প্রযুক্তি, সেটা ব্যবহার করা যাবে। এতে বারবার বরফ এনে ব্যবহার করা লাগবে না। মেশিন আপনাআপনি পানিকে ঠান্ডা করবে আর গরম করবে।’
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও দুই ধাপ এগিয়ে শান্তর দল এখন টেস্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করছে। ২৬ বছরের ইতিহাসে টেস্টে এটাই বাংলাদেশের সেরা র্যাঙ্কিং। বিপরীতে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে।