সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের হয়ে কথা বলল না। আগে ব্যাট করতে নামা স্বাগতিকেরা এই সেশনে হারিয়েছে ৩ উইকেট। মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিমের পর প্যাভিলিয়নের পথে হেঁটেছেন ফিরেছেন মুমিনুল হক। তাতে ৬৩ রানেই ৩ উইকেটে দলে পরিণত হয় বাংলাদেশ।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। এই দুজন অপরাজিত থেকে দুপুরের খাবার খেতে গেছেন। প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান করেছে বাংলাদেশ। শান্ত ২৬ এবং মুশফিক ১৮ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।
বাংলাদেশ ধাক্কাটা খায় ইনিংসের প্রথম ওভারেই। সে ওভারের দ্বিতীয় বলটি অফস্টাম্পের বাইরে করেছিলেন মোহাম্মদ আব্বাস। খোঁচা দিয়ে স্লিপে সালমান আলী আগার হাতে ধরা পড়েন জয়। রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ২২ টেস্টে এ নিয়ে অষ্টমবারের মতো রান না করেই ফিরলেন জয়। বাংলাদেশি ওপেনারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল (১১ বার)।
সাদমানের চোটে অভিষেক হয়েছে তামিমের। শুরুতে জয়কে হারালেও মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপদ সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু ভালো ভালো খেলতে খেলতেই উইকেট দিয়ে ফেরেন। দশম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন মোহাম্মদ আব্বাস। মিড অনে দিয়ে পাঠানোর চেষ্টায় ব্যাট চালিয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে-বলে হয়নি। বল চলে যায় আব্বাসের হাতে। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২৬ রান করেন তামিম। ৩ বাউন্ডারিতে সাজানো তাঁর ৩৪ বলের ইনিংস। সেই সঙ্গে মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট ৪৪ রানের জুটি ভাঙে তাঁর।
তামিমের বিদায়ের পর মুমিনুলও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। শেহজাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন সাবেক অধিনায়ক। ৩ চারে ২২ রান করেন মুমিনুল। দলীয় ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেশনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি মুশফিক এবং শান্ত। চতুর্থ উইকেটে ৩৮ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দুপুরের খাবার খেতে গেছেন এই দুই ব্যাটার। দুজনই ফর্মে থাকায় কিছুটা নির্ভার থাকছে বাংলাদেশ।