শারজায় প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন টেলর। অভিজ্ঞ ব্যাটারের সেঞ্চুরির পাশাপাশি যোগ্য ‘সাপোর্ট’ দিয়েছেন অধিনায়ক ব্রায়ান বেনেটও। আফগানদের বিপক্ষে প্রথম দিনটা জিম্বাবুয়ে শেষ করেছে দাপটের সঙ্গে।
কদিন আগে আফগানিস্তানের কাছে হেরেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হেরেছিল জিম্বাবুয়ে। সিরিজের অপর দল বাংলাদেশ ছিটকে গিয়েছিল ফাইনালের আগেই। এরপর আফগানদের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয় জিম্বাবুয়ে। তবে সংস্করণ বদলাতেই দেখা গেল জিম্বাবুয়ের ভিন্ন রূপ। আফগানদের বিপক্ষে শারজায় আজ প্রথম দিনটা ৮৭ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান করেছে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক বেনেট। ইনিংসের শুরুটা মোটামুটি ভালোই ছিল তাদের। ওপেনার ইনোসেন্ট কাইয়া ৫১ বলে ৩৪ রান করে ফিরেছেন। আরেক ওপেনার বেন কারান ১১৩ বলে ৪২ রান করেন। প্রথম দুটি জুটিই ৬০ পেরিয়েছিল।
দুই ওপেনারের বিদায়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩৪.৫ ওভারে ২ উইকেটে ১২৫ রান। এমন অবস্থায় দলের হাল ধরেন টেলর ও বেনেট। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ১৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৬৮ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টেলর। শেষ পর্যন্ত হাশমাতুল্লাহ শাহীদির বলে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন টেলর।
সপ্তম টেস্ট সেঞ্চুরি করা টেলরের বিদায়ের পর সাময়িক ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। ৩ উইকেটে ২৬২ রান থেকে ৫ উইকেটে ২৮৭ রানে পরিণত হয় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে বেনেট ৭১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। ষষ্ঠ উইকেটে ওয়েসলি মাধেভেরের সঙ্গে এরই মধ্যে ৩৯ রানের জুটি গড়েন। তাঁর সঙ্গী মাধেভেরে ২৯ রানে অপরাজিত। আফগানিস্তানের বোলারদের মধ্যে জিয়া-উর-রেহমান সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া মোহাম্মদ সেলিম, কায়েস আহমেদ ও শাহীদি একটি করে উইকেট পেয়েছেন।