প্রথম দেখায় পাকিস্তানকে ভড়কে দিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছিল এশিয়ার দলটি। প্রায় ২ বছর পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই সে হারের প্রতিশোধ নিল পাকিস্তান। গতকাল মোনাঙ্ক প্যাটেলের দলকে ৩২ রানে হারিয়েছে তারা। এই জয়ের পর ভারতকে হুঙ্কার দিয়ে রাখলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর ফারহান বলেন, ‘টানা দুটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকার পর এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যায়। সামনে যে ম্যাচটি (ভারতের বিপক্ষে) আসছে, সেটি খুব বড় কিছু নয়। আমরা তো প্রথমবার ভারতের বিপক্ষে খেলছি না, আগেও খেলেছি। এবার আমরা ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামব। আপনারা আমাদের পরিবর্তনটা দেখেছেন। মাঝের ওভারে আমাদের লড়াই দেখেছেন। দেখেছেন শাদাব রান করছে, নওয়াজ রান করছে। তাই আশা করি ভারতের বিপক্ষে আমাদের খেলা উপভোগ করবেন।
টানা দ্বিতীয় ম্যাচে ‘এ’ গ্রুপের শীর্ষে ওঠে এসেছে পাকিস্তান। সুপার এইটে এক পা দিয়ে রেখেছে সালমান আলী আগার দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের জয়ের নায়ক ফারহান। পাকিস্তানের ১৯০ রানের পুঁজিতে তাঁর অবদান ৭৩ রান; জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। সবশেষ এশিয়া কাপে ভারতের কাছে তিনবার হারলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন এই ব্যাটার। ভারতের সেরা বোলার যশপ্রীত বুমরাকে বেশ ভালোই জবাব দিয়েছেন। যেটা বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করছে তাঁর জন্য। ভারতের বিপক্ষে ম্যাচকে খুব বড় কিছু মনে করছেন না তিনি।
এই প্রসঙ্গে ফারহান বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী। গত দুই ইনিংস যেভাবে ব্যাট করেছি, তাতে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে। এটা আমাদের জন্য একটি সাধারণ ম্যাচই। এটাকে ভারত-পাকিস্তান ম্যাচ বলে আলাদা করে ভাবছি না। এটা আমাদের কাছে একটি সাধারণ ম্যাচ; আমরা সেভাবেই খেলব।’
২০২৫ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো এখন একতরফা হয়ে গেছে এবং দুই দলের মানের পার্থক্যের কারণে প্রতিদ্বন্দ্বিতা আর তেমন নেই। সূর্যর এই কথার সঙ্গে একমত নন ফারহান, ‘না, আমার মনে হয় গত এশিয়া কাপে আমরা যেভাবে খেলেছি, তাতে কোনো ম্যাচেই একতরফাভাবে হারিনি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। একটি ম্যাচও এমন ছিল না যেখানে আমরা পুরোপুরি একতরফাভাবে হেরে গেছি। আশা করি এবারও আমরা দারুণ একটি ম্যাচ খেলব।’