হোম > খেলা > ক্রিকেট

সিরিজ জিততে এবার কোন কৌশল অবলম্বন করবে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নিউজিল্যান্ডকে আগামীকাল হারালেই এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। ছবি: বিসিবি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল ৬ উইকেটের আয়েশি জয়ে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের দরকার কেবল এক জয়। হয়তোবা সেই জয় আসতে পারে আগামীকালই।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে বাংলাদেশের জয় যতটা সহজ দেখাচ্ছে, অতটা সহজ ছিল না। তাওহীদ হৃদয়-শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে ঠিকই। কিন্তু জয়টা এসেছে মূলত বোলারদের কারণেই। নিউজিল্যান্ডের ৬ উইকেটের মধ্যে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান ৩ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।

চট্টগ্রামে আগামীকাল সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ব্যাটিংবান্ধব উইকেটে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ভালো বোলিং করলেই ফল নিজেদের পক্ষে আসবে বলে মনে করেন মেহেদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় ৩১ বছর বয়সী এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেন, ‘আমরা সবাই জানি চট্টগ্রামের উইকেট কেমন হয়। ব্যাটিংবান্ধব হয়ে থাকে। বোলারদের বেশির ভাগই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। গতকালের ম্যাচ দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা কঠিন পরিস্থিতি সামলেছি বোলাররা। নিউজিল্যান্ডও কিন্তু একই কাজ করেছে।’

প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯.৩ ওভারে ১ উইকেটে ৯৯ রান করেছে নিউজিল্যান্ড। চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে ডিন ক্লিভার, ক্যাটেন ক্লার্ক যেভাবে পেটাচ্ছিলেন, তাতে কিউইরা ২০০ পেরোতে পারত সহজেই। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু বাংলাদেশের। ১ উইকেটে ৯৯ রান থেকে মুহূর্তেই ৫ উইকেটে ১৩০ রানে পরিণত হয় কিউইরা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮২ রানে আটকে যায় নিউজিল্যান্ড। রিশাদ ৪ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। আর মেহেদী ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়েছেন। যেখানে প্রথম দুই ওভারে ২১ রান খরচ করেও পাননি কোনো উইকেট।

মেহেদীর মতে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে স্পিনাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। বাংলাদেশের অভিজ্ঞ স্পিন বোলিং অলরাউন্ডার বলেন, ‘যেহেতু টি-টোয়েন্টি খেলা, সবাই চায় বাউন্ডারির দিকেই ঝুঁকতে। সেদিক থেকে বলব আমাদের প্রথম দিক থেকে অনেক বেগ পেতে হয়েছে। তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল। তারপর আমি শেষ দুই ওভার অনেক ভালো কামব্যাক করেছি। এই দুইটা মিলে হয়তোবা আমাদের মিডল ওভারটা দারুণভাবে এগিয়ে গিয়েছিল। আরও ২০ রান বেশি হতে পারত। সেখান থেকে ২০ রান কম হওয়ায় তাদেরকে আটকে রাখতে পেরেছি। আর সব সময় টি-টোয়েন্টিতে মিডল ওভারে সব সময় বরাবরই স্পিনাররা বোলিং করে।এই জায়গা থেকে একটু চ্যালেঞ্জিং ছিল।’

২০২৫ সাল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী রিশাদ। আর চট্টগ্রামের এই উইকেটে স্পিনার-পেসারদের দাপট চলে সমানে সমানে। নিউজিল্যান্ড সিরিজেও স্পিনাররা ধারাবাহিকতা ধরে রাখবেন বলে আশা মেহেদীর, ‘স্পিনার ইউনিট যদি গত এক বা দেড় বছর দেখেন, তাহলে দেখবেন স্পিনাররা যথেষ্ট দাপট দেখিয়েছে। এমনকি বিদেশেও কিন্তু স্পিনাররা ছড়ি ঘুরিয়েছে। রিশাদ, আমি, নাসুম যে-ই খেলেছে, সে-ই দারুণ খেলেছে। কঠিন পরিস্থিতিরও মোকাবিলা করতে হয়েছে। এই সিরিজটাও একই। যেহেতু এখনো আমাদের নাসুম আছে, আমি আছি, রিশাদ আছে। কেউ না কেউ ইনশা আল্লাহ মাশা আল্লাহ ভালো করছে। চ্যালেঞ্জিং থাকে। দেখা যাচ্ছে সব সময় একরকম হয় না। ভালো হয়, খারাপ হয়। এর চেয়েও সবাই শিখতে হয়।’

আগামীকাল চট্টগ্রামে জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সফরে এসে ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছিল কিউইরা। চলতি সিরিজে রিশাদ-মেহেদীর পাশাপাশি বাঁহাতি স্পিন বোলার নাসুম আহমেদ আছেন। সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারীও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। স্পিনারদের ওপর মেহেদীর ভরসার প্রতিদান এবারও রিশাদ-নাসুমরা দিতে পারেন কি না, সেটা কাল বোঝা যাবে। ২ মে মিরপুরে হবে তৃতীয় টি-টোয়েন্টি।

পিএসএলের শেষ অংশে না থেকেও থাকছে বাংলাদেশ

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

নাহিদার ‘সেঞ্চুরি’র ম্যাচে হেরেই গেল বাংলাদেশ

‘ভারতের বিপক্ষে খেলতে নামলেই বাড়তি আগ্রাসন চলে আসে’

শ্রীলঙ্কার বিপক্ষেই এবার বাংলাদেশের রেকর্ড ভাঙার হাতছানি

পিএসএল নিয়ে দর্শকদের খুশি দ্বিগুণ করল পাকিস্তান

নিউজিল্যান্ডের ক্রিকেটারকে হারিয়ে বিপাকে মুম্বাই, বদলি কে

‘এটাই সেই ক্রিকেট, যেটা আমরা খেলতে চাই’

‘বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়েছে, আমরা আটকাতে পারিনি’

শামীমের এই শটটা বাংলাদেশের ক্রিকেটাররা খুব কমই মারতে পারে, বলছেন হৃদয়