১২ জুন শুরু হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই তিন জাতি সিরিজে বাংলাদেশের প্রস্তুতিটা মোটেও ভালো হলো না। গত শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর আজ নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ নারী দলের হার ৮ রানে।
হেদার সিগার্সের অলরাউন্ড নৈপুণ্যের কাছেই মূলত হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ফিফটি ও বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলার যে আশায় টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ, সেটা পূরণ হয়নি। হেদার সিগার্সের ৫২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে নেদারল্যান্ডসের মেয়েরা। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি।
লক্ষ্য তাড়ায় দলীয় ১৩ রানে দিলারা (৯) ও শারমিনকে (২) হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তাতে স্তিমিত হয়ে যায় রান তোলার গতি। শুরুর জোড়া ধাক্কা সামাল দেওয়ার আগে ব্যক্তিগত ২২ রান করে আউট হন জুয়াইরিয়া ফেরদৌস। চারে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭টি চার ও ১টি ছয়ে ৫১ বলে ৭৭ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৮ রান। কিন্তু বোলার হেদার সিগার্স মাত্র ৯ রান দিয়ে জ্যোতিসহ, রিতু মনি (১৭) ও নাহিদা আক্তারকে (২) ফিরিয়ে ডাচ দলের জয় নিশ্চিত করেন।