হোম > খেলা > ক্রিকেট

জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখন আর ব্যাটিং কোচের দায়িত্বে নেই মোহাম্মদ আশরাফুল। ছবি: ফাইল ছবি

মোহাম্মদ আশরাফুলের কাছে এটা ‘বিনা মেঘে বজ্রপাতে’র মতোই। গতকাল সকালে সাদমান ইসলাম, মুশফিকুর রহিমকে নিয়ে অনুশীলন করিয়েছেন আশরাফুল। কিন্তু রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আকস্মিক চাকরি হারানোতে হতাশ নন তিনি।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন আশরাফুল। তবে সেই চাকরি এক বছরও টিকল না। আকস্মিক চাকরি হারানোর বিষয়ে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি এত হতাশ না। কারণ,আলহামদুলিল্লাহ আমার মাত্র ক্যারিয়ার শুরু। তো শুরুতে এত বড় একটা অভিজ্ঞতা অর্জন করেছি জীবনে। সামনে তো ভবিষ্যৎ পড়ে রয়েছে আশা করি।’

ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচের দুটিতে হেরে ফাইনালের আগেই ছিটকে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশ ১৬০ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতা বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘরের মাঠে সবশেষ ১০ ওয়ানডেতে দলটির গড় স্কোর ২১৫.৩। বিদেশে তা আরও কম। দেশের বাইরে সবশেষ ১০ ওয়ানডেতে বাংলাদেশের গড় স্কোর ১৭৩.৯।

তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তদের ব্যর্থতার দায় কি পুরোপুরি আশরাফুলের কাঁধেই চাপানো হলো—এই প্রশ্নের উত্তর একটু কৌশলে দিয়েছেন আশরাফুল, বলেন, ‘আমি এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। গতকালও অনুশীলন করিয়েছি ছেলেদের। টেস্টে ওরা খুব ভালো করছে। কদিন পর ঘরের মাঠে আরেক টেস্ট সিরিজ। ঠিক তার আগে...।’

আশরাফুলের সময়ে টেস্টে দারুণ খেলতে থাকে বাংলাদেশ। গত বছরের নভেম্বর থেকে হিসাব করলে সবশেষ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টসহ ক্রিকেটের রাজকীয় সংস্করণে আট ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ৫ টেস্ট, হেরেছে ২ ম্যাচ ও একটা ড্র হয়েছে। মুশফিক, শান্ত, তানজিদ হাসান তামিমদের ব্যাটে এসেছে সেঞ্চুরি। বোলিংয়ে তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাহিদ রানাদের ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।

আগামী বুধবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। বর্তমানে ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে চারে এখন বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজ নিয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই। ভালো হবে ইনশা আল্লাহ। আমরা তো টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব ভালো অবস্থানে আছি।’

ওয়ানডেতে খারাপ করলেও টেস্টে শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আশরাফুল। আজকের পত্রিকাকে সদ্য সাবেক ব্যাটিং কোচ বলেন, ‘দল খারাপ করেনি। আমি মনে করি যে, ব্যাটাররা ভালোই করছিল। হ্যাঁ, ওয়ানডেতে শেষ কয়েকটা ম্যাচ খারাপ করেছে। কিন্তু টেস্ট দল তো খুবই ভালো হচ্ছিল।’

নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত আশরাফুলের জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। নতুন দায়িত্বে আশরাফুলকে কোথায় নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিসিবি।

শাদাবের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয়ে ফাইনালে পাকিস্তান

ভারতের কারণে এবার বদলাতে পারে বিশ্বকাপের ভেন্যুও

নাঈম শেখের ট্রিপল সেঞ্চুরির আক্ষেপ, রবিনের ডাবল সেঞ্চুরি

ভারত সিরিজের মাঝে দলে কেন এত পরিবর্তন

পাকিস্তান গোলাপি জার্সি পরে খেলছে কেন

ওয়াকার-শোয়েব আখতারের রেকর্ড ভাঙলেন আফ্রিদি

৫ বলে খেলা শেষ করে উগান্ডা যেখানে ছাড়িয়ে গেল বাংলাদেশ-ভারতকেও

ডি থ্রি টুর্নামেন্টের সূচি জানাল বিসিবি

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে