জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার দুপুরে চরমোনাই দরবার শরিফের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের কথা স্মরণ করে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যখন লাখো-কোটি ছাত্র-জনতা রাজপথে ছিলাম, সেই দিন প্রথমেই ইসলামী আন্দোলন ব্যানার নিয়ে আমাদের সঙ্গে রাজপথে শামিল হয়েছিল। তাই দেশ ও জাতির জন্য আপনাদের এই অবদান আমরা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।’
আসিফ মাহমুদ বলেন, ‘আমি মনে করি, জুলাই গণ-অভ্যুত্থান সফল হয়েছিল আমাদের দুই সহস্রাধিক ছাত্র-জনতার শহীদ হওয়ার পাশাপাশি ইসলামী আন্দোলনসহ যারা আমাদের পাশে দাঁড়িয়ে ছিল, তাদের জন্য। তাই আগামী দিনেও দেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে আমাদের সঙ্গে ইসলামী আন্দোলনের যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটি অব্যাহত থাকবে।’
এ সময় মাহফিলের মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা আবদুল কাদের প্রমুখ।
আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল মাহফিলে অংশ নিতে আজ সকালে বরিশালে চরমোনাই দরবারে পৌঁছায়। এরপর তারা চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেয়।
এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনীতি, সদ্য অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আসিফ মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
গতকাল বুধবার বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে বার্ষিক মাহফিল শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি এই মাহফিলে সমবেত হয়েছেন। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হওয়ার কথা রয়েছে।