হোম > রাজনীতি

ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতার পাগল হয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতার পাগল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান সংকট কয়েকটা জায়গায়। একটা হলো, ধর্ম থাকলে ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকলে ধর্ম থাকে না। ধর্মভিত্তিক দলগুলো হয়ে যাচ্ছে ক্ষমতার পাগল। ক্ষমতাভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলো হয়ে যাচ্ছে ইন্ডিয়ার পাগল!

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রকৌশলীদের স্মরণে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে নাসীরুদ্দীন এ মন্তব্য করেন।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে এই সংকটটা রয়ে গিয়েছে, যদি কোনো ভালো মানুষ হয়, তাহলে রাজনৈতিক ভালো জায়গায় সে যেতে পারে না। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে পারে না। আর যদি কেউ খারাপ মানুষ হয়, তার থেকে আমরা ভালো কোনো সিদ্ধান্ত আশা করতে পারি না। এই যে একটা জগাখিচুড়ি বাংলাদেশের অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।

প্রধান অতিথি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আজকে ফ্যাসিবাদের দোসররা যে স্পর্ধা দেখাচ্ছে, তা সম্ভব হয়েছে বিপ্লবীদের ভুলের কারণে। আর প্রথম ভুল ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়া। এই কথাটা আজ পর্যন্ত কেউ প্রকাশ্যে বলেনি। আমি আজ প্রকাশ্যে বলছি—বিপ্লবীদের কয়েকজনের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল ভুল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানে মেধাভিত্তিক রাষ্ট্র তৈরি করা একটা অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল। আমাদের রাষ্ট্রটা যে সরকারেই আসুক মেধাভিত্তিক হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো, রাষ্ট্র এখনো কোটাভিত্তিক। এখন বিএনপির দলীয় কোটাভিত্তিক বাংলাদেশ চলছে। রাষ্ট্রের প্রতিষ্ঠান কি কোনো দলীয় শাখা? বিএনপি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয় শাখা পরিণত করা হচ্ছে মনে হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, আমাদের জন্য যেখানে আইন বানানো হয়, সেখানে যেতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। আরও অপমানজনক হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার একটা মিনিমাম লেভেল বেঁধে দেওয়া হচ্ছে। আমরা যখন বিরোধী দল হিসেবে একটা বিল পাস হওয়ার ২০ মিনিট আগে টেবিলে দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলি, তখন সেটি সরকারি দলের কাছে হাস্যকর মনে হয়।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, প্রকৌশলীরা একটি অবহেলিত পেশাগত গোষ্ঠী। বাংলাদেশের প্রকৌশলীদের নিয়ে কাজ করার সুযোগ তেমনভাবে তৈরি করা হয়নি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের সেভাবে সম্পৃক্ত করা হয় না বলেই জানি। ফলে তারা নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পান না। জুলাইয়ের পর আমরা এখানে পরিবর্তন চেয়েছিলাম। সেটি দৃশ্যমান হচ্ছে না।

এনসিপির ঢাকা উত্তরের নারীশক্তির আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, এত ত্যাগের পর আমরা এমন একটি সরকার এনেছি, যারা কেবল মুখোশ পরিবর্তন করেছে। তারা প্রায় ৭০ ভাগ মানুষের দেওয়া রায় উপেক্ষা করার স্পর্ধা দেখাচ্ছে। আমাদের যে সিস্টেমেটিক সমস্যা, তা সমাধানে গোড়ায় হাত দিতে হবে। জুলাইয়ের মূল চেতনা ছিল পরিবর্তন। মুখোশ পরিবর্তন নয়, কাঠামোগত পরিবর্তন। আমাদের অনেক আকাঙ্ক্ষা হয়তো পূরণ হয়নি। তবে আমাদের আন্দোলন ব্যর্থ হয়নি।

সভায় স্বাগত বক্তব্য দেন এনইএবির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ। আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ড. প্রকৌশলী মাকসুদ হেলালী প্রমুখ।

২০০২ সালের শামসুন্নাহার হল নির্যাতনের বিচারহীনতার অবসান চায় বিপ্লবী ছাত্র মৈত্রী

গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ: শফিকুর রহমান

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

ঢাবির শামসুন্নাহার হল ট্র্যাজেডির বিচারের দাবি ছাত্রপক্ষের

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃতরা, দলে ভিন্নমত

বৈষম্যহীন বাংলাদেশের জন্য আন্দোলন করেছিলাম: হাসনাত আবদুল্লাহ

এমপি মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি

রাষ্ট্রপতি আদেশ না মানলে সরকার ও সংসদ অবৈধ: গোলাম পরওয়ার

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: জাপা চেয়ারম্যান