ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন। আজ শনিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে ১৪টি জনসভায় উপস্থিত থাকবেন।
তিনি জানান, আগামীকাল ৮ ফেব্রুয়ারি, রোববার ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন তারেক রহমান। ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় যেটি মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য রাখবেন।
মাহদী আমিন আরও জানান, আগামী পরশু ৯ ফেব্রুয়ারি সোমবার তারেক রহমান তাঁর নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭ টিসহ মোট ৮টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন। ঢাকা-১৭ আসনে তাঁর নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন।