চিত্রা পরিবহন লিমিটেড নামের একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও আড়াই শ বাসের রুট পারমিট চাওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদকে বহিষ্কার (দুই বছর) করেছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকায় আড়াই শ বাসের রুট পারমিট চান নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রনেতা’ শিরোনামে ২০২৫ সালের ৪ মে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সম্পৃক্ততার অভিযোগ আসে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে সংগঠন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিত্রা পরিবহনের আবেদনপত্র, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, মহিদুল ইসলাম দাউদের স্বাক্ষর, টিআইএন সনদ, জাতীয় পরিচয়পত্র, ঘটনা সংশ্লিষ্ট ফোনালাপসহ বিভিন্ন তথ্য-প্রমাণাদি ও সাক্ষ্য যাচাই করে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে মহিদুল ইসলাম দাউদ আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য জমা দেন। সামগ্রিক তথ্য, প্রমাণ, সাক্ষ্য ও জবানবন্দি বিশ্লেষণ সাপেক্ষে ‘চিত্রা পরিবহন’—এর রুট পারমিট সংক্রান্ত আবেদনের সঙ্গে মহিদুল ইসলাম দাউদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহিদুল ইসলাম দাউদ তাঁর সম্পৃক্ততার বিষয়ে অস্বচ্ছতা, ঘটনা প্রকাশের পর থেকে ধারাবাহিকভাবে অসত্য তথ্য দেওয়া, তদন্ত চলাকালে সংগঠনকে না জানিয়ে মালিকপক্ষের সঙ্গে ব্যক্তিগত সমঝোতা এবং মামলার বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ না করায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে দুই বছরের জন্য সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত বছর ৬ মে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল দাউদের সদস্যপদ স্থগিত করে। তাঁর দুই বছরের বহিষ্কারাদেশ সদস্যপদ স্থগিতের দিন থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।