হোম > রাজনীতি

মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, সরকারের কার্যকর উদ্যোগ নেই: জামায়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের মানুষ প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ সরকারের মধ্যে এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ বা জবাবদিহি নেই বলে অভিযোগ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২২ মার্চ রাত ৩টায় কুমিল্লায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত আরও ১০ জন আহত হয়েছে। প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ সরকারের মধ্যে এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ বা জবাবদিহি নেই। এই অবস্থা একটি সভ্য রাষ্ট্রে কখনোই মেনে নেওয়া যায় না। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি।’

জামায়াতের সেক্রেটারি আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে যে দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে।’ এই পরিস্থিতির জন্য তিনি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম দায়ী বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, ‘তাঁর চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণেই আজ সাধারণ মানুষ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত।’

সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, ‘নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি—সবকিছু মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে জোর দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়ক ও রেলপথে আধুনিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, কঠোর তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের জীবন রক্ষা করতে ব্যর্থ এই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় দেশের মানুষই এর যথাযথ জবাব দেবে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ উপেক্ষিত: জামায়াত আমির

২৫ ও ২৬ মার্চে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন: জামায়াত আমির

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে আমরা লজ্জিত: জামায়াত আমির

রাজধানীর মিরপুরে নিজ আসনে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

আজ রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

ঈদে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির

পবিত্র ঈদুল ফিতরে ‘কল্যাণময় রাজনীতি’ এগিয়ে নেওয়ার আহ্বান জি এম কাদেরের

ভেদাভেদ ভুলে সবাইকে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের