ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাভিযানে আজ রোববার থেকে ঢাকায় পথসভা শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মিরপুরের ইসিবি চত্বরে নিজ নির্বাচনী এলাকা দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে।
ইসিবি চত্বরের পথসভা শেষে আজ বিএনপির চেয়ারম্যান ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে আরেকটি পথসভা করবেন।
এরপর ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তিনি।
গতকাল শনিবার রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, আগামীকাল ৯ ফেব্রুয়ারি সোমবার তারেক রহমান তাঁর নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটিসহ মোট আটটি নির্বাচনী জনসভায় যোগদান করবেন। ঢাকা-১৭ আসনে তাঁর নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন।