ভোটগ্রহণ সুষ্ঠু হলেও কিছু কেন্দ্রে ভোট গণনার ক্ষেত্রে কারচুপির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা অবজার্ভ (পর্যবেক্ষণ) করছিলাম যে ভোট গণনা কীভাবে হচ্ছে। আমরা ভোট গ্রহণে কয়েকটি জায়গায় অনিয়ম হলেও সার্বিকভাবে সেটা মেনে নিয়েছি। কিন্তু ভোট গ্রহণের পরে যখন ভোট গণনা শুরু হয়, তখন একটি দল দেখতে পায় যে তারা বিভিন্ন কেন্দ্রে হারছেন এবং পিছিয়ে আছেন। তখন তারা ফলাফল কারচুপি করার কিংবা ফলাফলকে প্রভাবিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।’
ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের দিকে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা করাচ্ছেন। পরবর্তীতে আমরা খুঁজে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি সাতবার ভোট গণনা করিয়েছেন। তিনি সেখানে উপস্থিত থেকে সাতবার ভোট গণনা করিয়েছেন যাতে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা তিনি এগিয়ে আছেন সেরকমটা দেখানো যায়।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা কোনোভাবেই এ ধরনের কার্যক্রমকে মেনে নিব না। আমরা দেখছি যেসব কেন্দ্রে ইতিমধ্যে তারা অনেক পিছিয়ে আছে, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা গিয়ে কেন্দ্রগুলোতে ফলাফল মেনে নেবেন না বলে তারা ঘোষণা দিচ্ছেন। তারা প্রিসাইডিং কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করছেন।’
আসিফ বলেন, ‘আমরা এ অভিযোগ পেয়েছি যে প্রিসাইডিং কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে এবং ইসির মৌখিক আদেশে তারা মার্কার বক্সের বাইরে যে ভোটগুলো পড়েছে যেগুলো সাধারণত ডিফল্ট (ত্রুটিপূর্ণ) ভোট হওয়ার কথা, সেগুলো বাদ করার কথা, সেগুলো তারা এক ধরনের মৌখিক নির্দেশে বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে গণনা করছেন।’
ফলাফল কারচুপির চেষ্টা চলছে অভিযোগ করে আসিফ বলেন, ‘যেহেতু ভোট কেন্দ্র দখল করতে পারেনি, ভোট কারচুপি করতে পারেনি, এখন তারা ফলাফল প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার এক ধরনের চেষ্টা চালাচ্ছে।’
ঢাকা-১১ সহ আরও কিছু আসনে এই চেষ্টা চলছে বলে অভিযোগ করেন আসিফ। তিনি চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত জোটের নেতা-কর্মীদের কেন্দ্রে থাকার আহ্বান জানান।