গণতন্ত্র ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রতিবছর ১০ নভেম্বর তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পালিত হয় শহীদ নূর হোসেন দিবস। এই দিনটি কেবল একজন শহীদের স্মরণে নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও দিন।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ১৯৮৭ সালের ১০ নভেম্বর একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করেছিল, তখন রাজধানীর রাজপথে প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন যুবক নূর হোসেন। তাঁর বুক ও পিঠে সাদা রঙে লেখা ছিল—‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। এই স্লোগান যেমন ছিল প্রতিবাদের ভাষা, তেমনি ছিল স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিবাদী আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
সেদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তাঁর এই আত্মদান দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করে। তিনি হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক। একজন সাধারণ পরিবারের সন্তান হয়েও তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম অমর করে রেখেছেন।
নূর হোসেনের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র কখনো আপনা-আপনি প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন জনগণের সচেতনতা, রাজনৈতিক সদিচ্ছা, আইনের শাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ।
দুঃখজনক হলেও সত্য, এরশাদের পতনের এত বছর পরও এ দেশের জনগণ গণতন্ত্রের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে পায়নি। স্বৈরাচার এরশাদের পতন হলেও এরপর যত সরকার ক্ষমতায় এসেছে, সবার মধ্যে কমবেশি স্বৈরতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার অভিযোগ রয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পরেও যে দল ক্ষমতায় এসেছে, সবাই এই অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে রাজনৈতিক বিভেদ, দলীয়করণ, সহিংসতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং নির্বাচনীব্যবস্থার প্রতি জনগণের আস্থার সংকট তৈরি করেছে। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের নামে যদি জনগণের মতামত উপেক্ষিত হয়, যদি ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে গণতন্ত্রের প্রকৃত চেতনা প্রতিষ্ঠা সম্ভব নয়।
গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা চর্চার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিরোধী মতকে গুরুত্ব দিতে হবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে শহীদ নূর হোসেনের জীবন ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা প্রয়োজন। তারা যেন বুঝতে পারে, গণতন্ত্র কোনো ব্যক্তির কিংবা কোনো দলের সম্পদ নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে দায়িত্বশীল, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শহীদ নূর হোসেনের স্মৃতিকে সম্মান জানানোর সবচেয়ে বড় উপায় হলো তাঁর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শুধু দিবস পালন, আলোচনা সভা কিংবা ফুল দিয়ে শ্রদ্ধা জানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাঁর আত্মত্যাগের তাৎপর্য উপলব্ধি করে রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১০ নভেম্বর আমাদের কাছে তাই শোকের পাশাপাশি শপথেরও দিন। এই দিনে আমাদের অঙ্গীকার হোক—দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সব ধরনের স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা। গণতন্ত্রের বিজয়ই হোক শহীদ নূর হোসেনের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন।
লেখক: গণমাধ্যমকর্মী