‘জেন-জি’—শব্দবন্ধটি এখন এতটাই পরিচিত যে, এর অর্থ নিয়ে আলাদা করে প্রশ্ন তোলার প্রয়োজন আছে বলে আমরা অনেক সময় মনেই করি না। তরুণদের কোনো প্রতিবাদ, সামাজিক আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন কিংবা জীবনযাপনের নতুন প্রবণতা নিয়ে আলোচনা হলেই অনায়াসে বলা হয়, এসব জেন-জির কাজ। যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নেওয়া তরুণদের চিন্তাভাবনা, মূল্যবোধ, রাজনৈতিক আকাঙ্ক্ষা ও আচরণ একই সুতোয় গাঁথা। কিন্তু প্রশ্ন হলো, একই সময়ে জন্মালেই কি মানুষের চিন্তা এক হয়ে যায়? একই বয়সের হলেই কি সবার অভিজ্ঞতা, স্বার্থ, বিশ্বাস ও রাজনৈতিক অবস্থান অভিন্ন হয়ে পড়ে? বাংলাদেশের বাস্তবতায় প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের এখানে তরুণদের একাংশের জীবনযাপনের সঙ্গে আরেক অংশের জীবনের ব্যবধান এতটাই গভীর যে তাদের সবাইকে একটি অভিন্ন পরিচয়ের মধ্যে আটকে ফেললে বাস্তবতার বড় অংশই আড়ালে থেকে যায়।
প্রথমেই দেখা যাক, প্রজন্মভিত্তিক এসব পরিচয়ের জন্ম কীভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাশ্চাত্যে জন্মহার বেড়ে যাওয়ার ফলে ‘বেবি বুমার’ শব্দটির প্রচলন হয়। ১৯৯১ সালে ডগলাস কাপল্যান্ডের ‘জেনারেশন এক্স’ উপন্যাসের মাধ্যমে পরিচিতি পায় ‘জেনারেশন এক্স’। উইলিয়াম স্ট্রস ও নিল হাও তাঁদের ‘জেনারেশনস’ বইয়ে প্রজন্মভিত্তিক বিশ্লেষণ জনপ্রিয় করেন। পরে ‘দ্য ফোর্থ টার্নিং’ বইয়ে তাঁরা মার্কিন ইতিহাসকে প্রজন্মের চক্রাকার পরিবর্তনের মধ্য দিয়ে ব্যাখ্যা করেন। ‘মিলেনিয়াল’ পরিচয়টিও এ ধারায় প্রতিষ্ঠিত হয়। আর ‘জেন-জি’-এর পরবর্তী প্রজন্মের নাম দেন অস্ট্রেলীয় জনমিতিবিদ মার্ক ম্যাকক্রিন্ডল—‘জেনারেশন আলফা’।
তবে এসব পরিচয়ের জনপ্রিয়তা মানেই কি এর শক্তিশালী সমাজতাত্ত্বিক ভিত্তি রয়েছে? এ নিয়ে সংশয় আছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ফিলিপ এন কোহেনের মতে, বয়সের ভিত্তিতে মানুষকে প্রজন্মের নামে ভাগ করা অনেক সময় বাস্তব সামাজিক গোষ্ঠী চেনার বদলে কৃত্রিম শ্রেণি তৈরি করে। গণমাধ্যম, জনমত জরিপ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এসব পরিচয় জনপ্রিয় করে। এরপর কোনো প্রজন্মকে প্রযুক্তিনির্ভর, ভোগবাদী, কর্তৃত্ববিরোধী বা রাজনৈতিক সচেতন বলে চিহ্নিত করা হয়। ক্রমে এসব ধারণা এমনভাবে প্রতিষ্ঠিত হয়, যেন ওই প্রজন্মের সবাই একই বৈশিষ্ট্যের অধিকারী।
কিন্তু মানুষকে একটি নামের খোপে ঢোকানো সহজ হলেও সেই নাম দিয়ে তার জীবন বোঝা কঠিন। একই বয়সের একজন ধনী পরিবারের সন্তান নামী প্রতিষ্ঠানে পড়তে পারেন, বিদেশ ভ্রমণ করতে পারেন, নিজের পছন্দমতো জীবন গড়তে পারেন। অন্যদিকে, একই বয়সের একজন দরিদ্র তরুণ পড়াশোনার পাশাপাশি কাজ করেন, পরিবারের খরচ চালান কিংবা জীবিকার সন্ধানে গ্রাম থেকে শহরে আসেন। জন্মসাল এক হলেও তাঁদের অভিজ্ঞতা, স্বপ্ন ও সমস্যার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তাহলে শুধু বয়সের মিল দিয়ে তাঁদের একই সামাজিক পরিচয়ে বাঁধা কতটা যুক্তিসংগত?
এখানে জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মানহাইমের প্রজন্মবিষয়ক তত্ত্ব গুরুত্বপূর্ণ। তাঁর বিখ্যাত প্রবন্ধ ‘দ্য প্রবলেম অব জেনারেশনস’-এ তিনি দেখিয়েছেন, একই সময়ে জন্মালেই মানুষের মধ্যে অভিন্ন প্রজন্মগত চেতনা তৈরি হয় না। এর জন্য প্রয়োজন একই ঐতিহাসিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া এবং তা থেকে যৌথ উপলব্ধি গড়ে ওঠা। তবু একই অভিজ্ঞতা সবাইকে একই চিন্তা বা রাজনৈতিক অবস্থানে নিয়ে যায় না। একই সময়ের ঘটনাকে মানুষ ভিন্নভাবে দেখে, বোঝে এবং কখনো পরস্পরবিরোধী অবস্থানও নেয়।
বাংলাদেশের তরুণদের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। একই সময়ে জন্ম নেওয়া তরুণদের কেউ রাজনৈতিক পরিবর্তনের জন্য আন্দোলনে নামেন, কেউ রাজনীতির প্রতি আস্থাহীন হয়ে দূরে থাকেন, কেউ ধর্মীয় মূল্যবোধকে রাজনৈতিক জীবনের কেন্দ্রে রাখতে চান, কেউ আবার ব্যক্তিস্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নকে অগ্রাধিকার দেন। কেউ চাকরির নিরাপত্তা চান, কেউ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, কেউ বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ খোঁজেন, কেউ দেশের ভেতরেই পরিবর্তনের সম্ভাবনা দেখতে চান। এসব অবস্থানকে একটি মাত্র প্রজন্মের অভিন্ন রাজনৈতিক চরিত্র বলে ব্যাখ্যা করা কঠিন। একই সময়ের অভিজ্ঞতা মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু সেই অভিজ্ঞতার অর্থ সবার কাছে এক হয় না।
এখানে আরেকটি প্রশ্ন সামনে আসে। ‘জেন-জি’ পরিচয়টি কি কেবল বয়সের একটি নিরীহ শ্রেণিবিভাগ, নাকি এর সঙ্গে একটি নির্দিষ্ট জীবনযাপন ও রাজনৈতিক চরিত্রও জুড়ে দেওয়া হচ্ছে? যখন বলা হয়, জেন-জি প্রযুক্তিনির্ভর, স্বাধীনচেতা, কর্তৃত্ববিরোধী কিংবা প্রচলিত মূল্যবোধের প্রতি আস্থাহীন, তখন আমরা কি সত্যিই একটি গোটা প্রজন্মকে বর্ণনা করছি, নাকি তার একটি দৃশ্যমান অংশের বৈশিষ্ট্যকে সবার ওপর চাপিয়ে দিচ্ছি? যে তরুণ স্মার্টফোন ব্যবহার করেন, তিনি কি স্বয়ংক্রিয়ভাবে আধুনিক রাজনৈতিক চেতনার অধিকারী? সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেই কি কেউ প্রচলিত ক্ষমতাকাঠামোর বিরোধী হয়ে ওঠেন? প্রযুক্তির ব্যবহার, রাজনৈতিক সচেতনতা ও সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এক বিষয় নয়।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা যায়: কোনো পরিচয়কে স্বাভাবিক, স্থায়ী ও অভিন্ন বলে ধরে নেওয়ার আগে তার সামাজিক নির্মাণপ্রক্রিয়া পরীক্ষা করা প্রয়োজন। ‘জেন-জি’ পরিচয়ও যদি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য, প্রত্যাশা ও আচরণের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে দেখতে হবে, এসব বৈশিষ্ট্য বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে এসেছে, নাকি সমাজ, গণমাধ্যম ও বাজারের তৈরি ধারণা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে এই প্রশ্নের গুরুত্ব আরও বেশি। আমাদের তরুণসমাজ শ্রেণি, ধর্ম, লিঙ্গ, অঞ্চল, শিক্ষা ও পেশার ভিত্তিতে নানা ভাগে বিভক্ত। শহরের সচ্ছল পরিবারের তরুণ আর গ্রামের দরিদ্র কৃষক পরিবারের তরুণের জীবন এক নয়। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা কিংবা পড়াশোনার সুযোগ না-পাওয়া তরুণদের সামনে সম্ভাবনা ও বাধাও ভিন্ন। নারী তরুণদের নিরাপত্তা, চলাচল ও কর্মসংস্থানের সমস্যা পুরুষের থেকে আলাদা। প্রতিবন্ধী তরুণদের চ্যালেঞ্জও ভিন্ন। এসব পার্থক্য উপেক্ষা করে সবাইকে একই প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেখলে অনেকের বাস্তবতা আড়ালে থেকে যায়।
ডিজিটাল দুনিয়াতেও রয়েছে বড় ব্যবধান। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা বেশি সক্রিয়, তাঁদের মতামতকেই অনেক সময় গোটা তরুণসমাজের মতামত বলে ধরে নেওয়া হয়। কিন্তু যাঁদের ইন্টারনেট বা স্মার্টফোন নেই, কিংবা যাঁরা জীবিকার চাপে অনলাইনে সময় দিতে পারেন না, তাঁদের কথা কে শুনছে? অনলাইনে দৃশ্যমান তরুণদের মতামতই যে সবার মতামত, তা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবণতা জনপ্রিয় হলেই বাস্তব সমাজে তা সমানভাবে ছড়িয়ে পড়েছে, এমন ভাবার কারণ নেই।
তবে ‘জেন-জি’ পরিচয়টির কোনো ব্যবহারিক মূল্য নেই, তা-ও বলা যাবে না। বিপণন সংস্থা, বিজ্ঞাপনদাতা ও প্রযুক্তিপণ্য নির্মাতারা তরুণদের বয়সভিত্তিক শ্রেণিবিন্যাস থেকে তাঁদের পছন্দ, প্রযুক্তি ব্যবহার ও কেনাকাটার প্রবণতা সম্পর্কে ধারণা পেতে পারেন। কিন্তু বাজারের সুবিধার জন্য তৈরি পরিচয় আর সমাজ-রাজনীতি বোঝার উপযোগী শ্রেণি এক নয়। পণ্য বিক্রির ক্ষেত্রে যে পরিচয় কাজে লাগে, মানুষের রাজনৈতিক চেতনা, সামাজিক সম্পর্ক ও ঐতিহাসিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে সেটি কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সমস্যা হয় যখন এই পরিচয়ের ভিত্তিতে তরুণদের রাজনৈতিক আচরণ ও আকাঙ্ক্ষা সম্পর্কে আগাম সিদ্ধান্ত নেওয়া হয়। তখন তাঁদের নিজেদের কথা শোনার বদলে আগে থেকে তৈরি ধারণা চাপিয়ে দেওয়া হয়। কেউ সেই ধারণার সঙ্গে না মিললে তাঁকে ব্যতিক্রম বলা হয়, আর মিললে ধারণাটিকে সত্য বলে প্রচার করা হয়। অথচ তরুণদের মধ্যেও মতপার্থক্য, স্বার্থের সংঘাত ও রাজনৈতিক বিভাজন রয়েছে। এগুলো বুঝতে হলে তাঁদের শ্রেণিগত অবস্থান, পারিবারিক পরিবেশ, শিক্ষা, কর্মসংস্থান, ধর্মীয়-সাংস্কৃতিক অভিজ্ঞতা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশের তরুণদের বুঝতে হলে তাই শুধু জন্মসাল বা সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় জানলেই চলবে না। দেখতে হবে, তাঁরা কী ধরনের শিক্ষা পাচ্ছেন, চাকরির বাজারে কী বাধার মুখে পড়ছেন, দ্রব্যমূল্য ও বাড়িভাড়া তাঁদের জীবনকে কীভাবে প্রভাবিত করছে, রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ কতটা পাচ্ছেন এবং ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন। কারও হতাশার কারণ বেকারত্ব, কারও রাজনৈতিক অধিকার সংকুচিত হওয়া। কেউ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, কেউ আবার প্রচলিত ব্যবস্থার মধ্যেই নিরাপত্তা খোঁজেন। এসব ভিন্ন অভিজ্ঞতা বুঝলেই তরুণসমাজ সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হবে।
শেষ পর্যন্ত প্রশ্ন ‘জেন-জি’ শব্দটি ব্যবহার করা যাবে কি না, তা নয়। প্রশ্ন হলো, এই পরিচয় দিয়ে আমরা কী বুঝতে চাইছি, আর কী আড়াল করছি। প্রজন্মের পরিচয় আলোচনায় সহায়ক হতে পারে, কিন্তু মানুষের রাজনৈতিক চরিত্রের চূড়ান্ত ব্যাখ্যা হতে পারে না। কারণ, তরুণসমাজ একরঙা ছবি নয়; এটি বহু কণ্ঠ, বহু অভিজ্ঞতা ও বহু ভবিষ্যতের সমষ্টি। ‘জেন-জি’ পরিচয় সেই বৈচিত্র্য বোঝার শুরু হতে পারে, কিন্তু কখনোই তার বিকল্প নয়।
লেখক: গবেষক ও কলামিস্ট