হোম > জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হুমায়ুন কবির। ছবি: বিএনপির ফেসবুক পেজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদ্বয়ের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বাবলির বাইরে গিয়েও অন্য সব প্রশাসনিক ও কূটনৈতিক দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীকে সর্বাত্মক সহায়তা করবেন হুমায়ুন কবির। সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সদয় অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ২১ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছেন।

হুমায়ুন কবির ২০২৫ সালের অক্টোবরে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে মনোনীত হন। যুক্তরাজ্যের লন্ডনের মেয়রের দপ্তর ও লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত পদে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের বিখ্যাত সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক এবং ঐতিহ্যবাহী লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লিডস ল স্কুল থেকে উচ্চতর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম সিলেটের ওসমানীনগরে।