হোম > জাতীয়

সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের অপসারণের তালিকা নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া প্রতিবেদন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের অপসারণের তালিকা চূড়ান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের ছবি (স্ক্রিনশট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওয়াশিংটন পোস্ট এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বলে নিশ্চিত হয়েছে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

আজ বৃহস্পতিবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ০৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ০৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীনকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। এর পর থেকেই বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে ইন্টারনেটে বিভিন্ন সময় নানা দাবি প্রচার হয়ে আসছে। সম্প্রতি মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কথিত ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, আমেরিকান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জ্যাকলিন আলেমানি এটি লিখেছেন। প্রতিবেদনে মূলত দাবি করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৬৭ জন সিনিয়র সেনা কর্মকর্তা এবং ৩ হাজার ৮৭২ জন সামরিক কর্মীকে বরখাস্তের একটি তালিকা চূড়ান্ত করেছে।

প্রতিবেদনটির সারসংক্ষেপ অনুযায়ী, চলমান রাজনৈতিক সংকটের কারণে ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন এবং ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীতে বড় ধরনের পুনর্গঠন শুরু করে। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৬৭ জন সিনিয়র সেনা কর্মকর্তা এবং ৩ হাজার ৮৭২ জন সামরিক কর্মীকে বরখাস্তের তালিকা চূড়ান্ত করা হয়। এই পদক্ষেপকে সামরিক বাহিনীতে বড় পরিবর্তন এবং বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই পুনর্গঠন সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ এবং দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি করতে পারে।

রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারসহ ৬৭ জন সিনিয়র সেনা কর্মকর্তা এবং ৩৮৭২ জন সামরিক কর্মীকে বরখাস্তের তালিকা চূড়ান্ত করেছে বলে দ্য ওয়াশিংটন পোস্ট কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। বরং, পত্রিকাটির নাম ও লোগো ব্যবহার করে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ ভুয়া বলে দ্য ওয়াশিংটন পোস্টের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান গেরি শিহ রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

ছড়িয়ে পড়া সংবাদের ছবিটি বিশ্লেষণ করলে দেখা যায়, এতে লেখক হিসেবে আমেরিকান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জ্যাকলিন আলেমানির নাম ব্যবহার করা হয়েছে এবং প্রতিবেদনের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২১ অক্টোবর। বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে জ্যাকলিন আলেমানির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং দ্য ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে তাঁর লেখক প্রোফাইল খতিয়ে দেখা হয়। তবে সেখানে এমন কোনো প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ছাড়া দ্য ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমের প্রোফাইলগুলোতেও এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে, ২১ অক্টোবরের দ্য ওয়াশিংটন পোস্টের মূল সংস্করণ (প্রিন্ট) সংগ্রহ করে সেখানেও এমন কোনো প্রতিবেদনের অস্তিত্ব মেলেনি।

এই বিষয়ে জানতে রিউমার স্ক্যানার দ্য ওয়াশিংটন পোস্টের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান গেরি শিহের সঙ্গে যোগাযোগ করে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘এটি ভুয়া।’

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৬৭ জন সিনিয়র সেনা কর্মকর্তা এবং ৩৮৭২ জন সামরিক কর্মীকে বরখাস্তের তালিকা চূড়ান্ত করেছে দাবিতে দ্য ওয়াশিংটন পোস্টের নাম ও লোগো সংবলিত প্রতিবেদনের ছবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সাংবাদিকতার জন্য দ্রুতই ‘কোড অব কনডাক্ট’ তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে

৫ আগস্ট-পরবর্তী মামলাগুলো যাচাই করতে জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, সদস্য শেখ কামরুল হাসান

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিলে দেশজুড়ে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪০৪

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেনের মা আর নেই

হাওরে ধান কাটা: পানি কমায় জাগছে আশা