হোম > জাতীয়

যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনার প্রবেশমুখে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। সেখানে ঢাকা-০৮ আসনের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চ ও তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাঁরা সেখানে অবস্থান নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) অবস্থান কর্মসূচি চলছে।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়েছে বারবার। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে জুমা বলেন, ‘অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব জনগণের সহায়তা নেবে। সারা দেশের জনগণ নিয়ে যমুনার সামনে বসবে। তখন সামলানোর দায়িত্ব থাকবে সরকারের।’

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা চাই জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত হোক। কারণ, ৫৪-৫৫ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত খুনের পেছনে কারা রয়েছে সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারি নাই। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরে এই খুনের বিচার আদৌ হবে কি না—এ ধরনের একটা আশঙ্কা বোধ করছি আমরা। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমাদের সর্বশেষ আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। আমরা চাই তিনি জাতিসংঘকে একটা চিঠি প্রেরণ করুক, যাতে জাতিসংঘের অধীনে যেভাবে জুলাই গণহত্যার একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে, সেভাবে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত যাতে জাতিসংঘের অধীনে হয়।’

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা গত চার-পাঁচ দিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমরা সেখান থেকে কোনো ধরনের উত্তর পাইনি। তারা আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারে নাই যে মুহাম্মদ ইউনূসের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কি না। শহীদ হাদির স্ত্রী যিনি কখনো রাজপথে আসেন নাই, তিনিও আজকে এখানে আসতেছেন। কারণ, তিনি মনে করছেন যে জাতিসংঘের অধীনে যদি এটার তদন্ত না হয় তাহলে হয়তো তাঁর স্বামীর হত্যার বিচার হবে না।’

যমুনার সামনে উপস্থিত হয়ে ইনকিলাব মঞ্চের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্পষ্ট কোনো বার্তা সরকার থেকে আসেনি। আমরা মনে করি যে সরকার থেকে স্পষ্ট বার্তা আসবে। যেহেতু এই আসন থেকে আমি নির্বাচন করছি। এখানে যেকোনো ন্যায্য দাবি যারা করে তাদের কাছে আমার যাওয়া উচিত। সেই জায়গা থেকে আমার দায়িত্ববোধ থেকে এখানে আমি এসেছি। আমরা আশা করব, দ্রুত সরকার শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে স্পষ্ট বক্তব্য দেবে।’

প্রধান উপদেষ্টার কাছ থেকে জাতিসংঘের তদন্তের বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা বা বক্তব্য না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বার্তা বা বক্তব্য না পাব, এখান থেকে আমরা সরবো না। হাদি ভাইয়ের স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাও আমাদের সঙ্গে অবস্থান করছেন। আমরা সবাই চাই জাতিসংঘের মাধ্যমে এই হত্যার তদন্ত হোক।’

মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার দাবি

১০ ফেব্রুয়ারি ছুটি কাটানো শ্রমিকদের অন্যদিন কাজ করিয়ে নিতে পারবে শিল্পকারখানাগুলো

জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত, রাষ্ট্রীয় নির্যাতন-গুমের শিকারদের পরিবার পাবে ক্ষতিপূরণ

শৃঙ্খলা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রধান ভিত্তি: আনসার মহাপরিচালক

নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৭-১৮ ফেব্রুয়ারির পর যাবে না: প্রেস সচিব

ইসির কাছে আশঙ্কা ও চ্যালেঞ্জের কথা জানতে চেয়েছে ইইউ: ইসি সচিব

যত দিন শিশু নির্যাতনের ইতি না টানতে পারি, সংগ্রাম চলবে: শ্রম সংস্কার কমিশন প্রধান

রমজানে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ

একুশে পদকের জন্য মনোনীত ববিতা ও আইয়ুব বাচ্চুসহ ৯ ব্যক্তি, পাচ্ছে ওয়ারফেজও