ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের করণীয় কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশিকায় পুলিশ সদস্যদের করণীয় বিষয়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোটারদের অবাধ ও স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান না নেওয়া, স্থানীয় জননিরাপত্তা রক্ষা, ভোট গ্রহণ চলাকালে শৃঙ্খলা রক্ষা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা। এ ছাড়া সব রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকের প্রতি সমতা বা নিরপেক্ষতা রেখে আইনগত সহায়তা করা।
ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের মূল দায়িত্ব। একই সঙ্গে নারী, প্রতিবন্ধী, বয়স্ক ও সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জাল ভোট, সহিংসতা বা আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা হলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার কার্যালয়, সব মহানগর পুলিশসহ পুলিশের সব ইউনিটে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্বাচনী দায়িত্বে মোতায়েন হওয়ার আগে কমান্ড সার্টিফিকেট (সিসি) গ্রহণের সময় প্রত্যেক পুলিশ সদস্যকে একটি করে এই নির্দেশনা দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনানুগ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যেই নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় অনুসরণ বাধ্যতামূলক।