প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে রংপুরের গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় এবং রাজধানীর নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় অনুশ্রীর চাওয়া একটি হারমোনিয়াম উপহার দেন তিনি।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনুশ্রী রায় সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে। গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি দেন অনুশ্রী। চিঠিতে সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম চাওয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে সে। চিঠি পড়ে প্রধানমন্ত্রী অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুশ্রীকে স্নেহভরে কাছে টেনে নেন, তার সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন। পরে তার চাওয়া হারমোনিয়ামটি উপহার হিসেবে তুলে দেন। কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায় অনুশ্রী।
আবেগাপ্লুত অনুশ্রী বলে, সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম তার খুব প্রয়োজন ছিল, কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তা কেনা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পাওয়াকে সে জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করে।
অনুশ্রীর বাবা জানান, তিনি বিভিন্ন সময় মেয়েকে প্রধানমন্ত্রীর মানবিক কার্যক্রমের গল্প বলতেন, যা থেকে অনুশ্রীর মধ্যে বিশ্বাস জাগে চিঠি লেখার। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ও উৎসাহ অনুশ্রীকে ভবিষ্যতে দেশের প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার পথে সাহস যোগাবে।
একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর শিকদারবাড়ির বাসিন্দা তাবিউল ইসলাম রাকিব। বর্তমানে তিনি রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা জানিয়ে রাকিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। ভিডিওটি প্রধানমন্ত্রীর নজরে এলে তাঁকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।
সাক্ষাৎকালে রাকিব প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান। তিনি বলেন, সেতুটি নির্মিত হলে নদী পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং হাজারো মানুষের যাতায়াত সহজ হবে।