বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এর আগে গত ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘হাসানুল হকের বিরুদ্ধে মূলত অভিযোগ সুপিরিয়র রেসপন্সিবিলিটি। তাঁর দায়িত্ব ছিল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বিভিন্ন পলিসির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তাঁদের বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে কুষ্টিয়াসহ সারা দেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ১০ জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করেছি। প্রত্যেকেই হাসানুল হক ইনুর সংশ্লিষ্টতা প্রমাণ করেছে। আমরা মনে করি সাক্ষ্য-প্রমাণে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। আমরা প্রত্যাশা করি তাঁর সর্বোচ্চ শাস্তি হবে।’
গত বছরের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় গত বছরের ১১ সেপ্টেম্বর। প্রসিকিউশন ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিনই ট্রাইব্যুনাল তা আমলে নেন। অভিযোগ গঠন করা হয় ২ নভেম্বর। আর সূচনা বক্তব্য শুরু হয় ৩০ নভেম্বর।
ইনুর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষী দিয়েছেন। আর আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শুরু হয় চলতি বছরের ১৩ এপ্রিল। যুক্তিতর্ক শেষ হলে ১৩ মে থেকে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। এই মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।