হোম > জাতীয়

কোনো স্বৈরাচার যাতে জনগণের ওপর চেপে বসতে না পারে, সে জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আলী রীয়াজ। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারের জাঁতাকলে নিষ্পেষিত জাতি ১৬ বছর মুক্তির প্রহর গুনছিল। ২০২৪-এর গণ-অভ্যুত্থান তাদের ফ্যাসিবাদের কবল থেকে আপাত মুক্তি পেয়েছে, কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানে স্বৈরাচার সৃষ্টির পথ রয়েছে। তাই আর কোনো স্বৈরাচার যাতে জনগণের ওপর চেপে বসতে না পারে সে জন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে। জুলাই সনদ কার্যকরের জন্যই আসন্ন গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে হবে।’

আলী রীয়াজ আরও বলেন, ‘অনেকেই জিজ্ঞেস করেন, ‘‘হ্যাঁ’’-এর প্রার্থী কে? আমি বলি, ‘‘হ্যাঁ’’-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ, ‘‘হ্যাঁ’’ আমাদের সবার জন্য একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ খুলে দেবে।’

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আসন্ন গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

ড. রীয়াজ আরও বলেন, ‘ফ্যাসিবাদের জাঁতাকলে নিষ্পেষিত এ জাতি আর কোনো স্বৈরশাসন, দুঃশাসন চায় না। তারা একটি আলোকিত আগামী গড়তে চায়, নতুন দিন আনতে চায়; সে দিন হবে সাম্য, সমতা আর আনন্দের। যেখানে কোনো কোনো অন্তরাত্মা কাঁপানো বাহিনীর হাতে গুম হওয়ার ভয় থাকবে না, গায়েবি মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্ক থাকবে না। যেদিনের স্বপ্ন দেখেছিল আমাদের মহান মুক্তিযোদ্ধারা, যেদিন আনতে জুলাই গণ-অভ্যুত্থানে অকাতরে জীবন বিনিময় করেছে আমাদের ছাত্র-জনতা।’

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এই অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে দেশের জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যে বেশ কিছু সংস্কার করা হয়েছে বলে জানান আলী রীয়াজ।

তবে এসব উদ্যোগের পাশাপাশি গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের প্রয়োজন রয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, সে কারণেই দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সরাসরি সম্মতি প্রয়োজন, আর সে উদ্দেশ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটে অংশ নিয়ে হ্যাঁ-তে রায় দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

‘হ্যাঁ’-ভোটের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। ক্ষমতাসীনরা ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, যার ফলে বিচারের বাণী আর নীরবে নিভৃতে কাঁদবে না। গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে; যে পথ সংবিধানের দুর্বলতায় তৈরি হয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, হবিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সায়েম উদ্দিন আহম্মদ প্রমুখ।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোটের দায়িত্বে বিএনসিসিকে চায় না বিএনপি

জনতা ব্যাংকের ১৩৬ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ

পণ্য খালাসে বিলম্ব, ১৩ জাহাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

মুক্তবাণিজ্য চুক্তি: ভারত করেছে, বাংলাদেশকেও জরুরি ভিত্তিতে করার পরামর্শ ইইউর

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ

কর্মকর্তাদের পক্ষপাতের প্রমাণ পেলে অবস্থা খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ

তফসিল ঘোষণার পর থেকে ১৭৭৪ জন আটক, ১৭৯ অস্ত্র উদ্ধার: আইএসপিআর

নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতা হতে পারে, আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার

টিকিট ছাড়া ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী বরখাস্ত

ইসির নির্দেশনা: প্রচার ব্যানার ১০ ফুট বাই ৪ ফুটের বেশি নয়