হোম > জাতীয়

রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি সুপ্রিয় দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদুল ফিতর মুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর পরম আনন্দের সাথে আজ আমরা ঈদুল ফিতর উদ্‌যাপন করছি। মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, ঈদের এই অপার আনন্দ যেন সবার মাঝে, সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে।’

রাষ্ট্রপতি বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান ও সহমর্মিতা ইসলামের এই সুমহান বাণী ও আদর্শ বিশ্বের বর্তমান বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বছর আমরা এমন একটা সময়ে ঈদ উদ্‌যাপন করছি, যখন অনাকাঙ্ক্ষিত যুদ্ধবিগ্রহের কারণে পৃথিবীর বহু জনপদে অগণিত নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের রক্ত ঝরছে। সংকটে পড়েছে মানবতা। সংঘাতের বিরূপ প্রভাব সর্বত্র।’

রাষ্ট্রপতি বাণীতে উল্লেখ করেন, ‘মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো। আমরা চাই যুদ্ধ, সংঘাত ও প্রতিহিংসার চির অবসান ঘটুক। শান্তি ও স্বস্তি সর্বত্র প্রতিষ্ঠিত হোক। ঈদ আমাদের সেই শিক্ষা ও তাগিদ দেয়। ঈদ এক অনুপম সামাজিক সম্প্রীতির উৎসবও। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসাথে ঈদ উৎসবে শামিল হন। আসুন, ইসলামের সুমহান এই আদর্শকে সমুন্নত রেখে আমরা আমাদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিই। এ জন্য আমি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে সুদৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাই।’

রাষ্ট্রপতি বলেন, ‘ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের যে শুভযাত্রা সূচিত হয়েছে, আসুন, ঈদের এই শুভক্ষণে আমরা সেই অভিযাত্রায় ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার অঙ্গীকার করি।’ তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

পরিবারের সদস্যদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

চোখের জলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, বিশ্ব মানবতার কল্যাণে দোয়া

সংসদ ভবনে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ, ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা ও ঢাকার বাইরের ঈদের প্রধান জামাত কোথায়, কখন

দেশের আকাশে দেখা গেছে শাওয়ালের চাঁদ, কাল ঈদ