হোম > জাতীয়

রিমান্ড শেষে সাংবাদিক দম্পতি শাকিল-রুপা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে আদাবর থানা-পুলিশ। রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু চন্দ্র বণিক দুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে সাংবাদিক দম্পতির পক্ষে একজন আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য কোনো মামলায় গ্রেপ্তারের আবেদন না থাকায় শাকিল ও রুপাকে আদালতের আদেশ শেষে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। 

২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।

মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।

এই মামলায় শাকিল ও রুপাকে হত্যাকাণ্ডে উসকানি দাতা হিসেবে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, জিজ্ঞাসাবাদে ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

২৬ আগস্ট এই মামলায় শাকিল ও রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তার আগে ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয় ৭১ টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে।

২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে তাঁদের আটক করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

যত আইন, তত ফাঁকফোকর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ৮ পুশ ইন অপচেষ্টা প্রতিহত

জীববৈচিত্র্য ধ্বংসে বাংলাদেশের ঋণমান কমতে পারে ৬ ধাপ, বাড়তে পারে ঋণের বোঝা: গবেষণা

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি, সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে বলেছেন প্রতিমন্ত্রী