আন্তর্জাতিক সমন্বয় বাড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ‘৮ম সাউথ এশিয়ান কাউন্টার টেররিজম কনফারেন্স’-এ যোগ দিয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক। ২৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আয়োজিত বহুপাক্ষিক এই সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।
সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, এটি নিয়মিতভাবে আয়োজিত একটি বার্ষিক বহুপাক্ষিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন। এতে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনেই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
কনফারেন্সটির মূল উদ্দেশ্য হলো—আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক পাচার ও মানব পাচার প্রতিরোধে সমন্বিত নজরদারি, অংশীদার দেশগুলোর সামরিক ও গোয়েন্দা সংস্থার মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি।
সরকারি সূত্র নিশ্চিত করেছে, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি বার্ষিক আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরাম। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে এনএসআই মহাপরিচালক এতে অংশগ্রহণ করছেন। সম্মেলন শেষে ২৮ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।