জাতীয় সংসদের অধিবেশনের কক্ষে বসে খাওয়া বা পান করা নিয়ে প্রশ্ন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে এক সদস্যকে লক্ষ্য করে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত না হওয়া নোটিশের ওপর সদস্যদের দুই মিনিটের বক্তব্য চলার সময় কক্ষের এক সদস্যকে লক্ষ্য করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য লাস্ট, বাট ওয়ান রো ফোর্থ ফ্রম লেফট স্যুট পরা এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। না না আপনার সামনে, আপনার সামনে, স্যুট স্যুট পরা আপনি কী খাচ্ছেন? চা খাচ্ছেন? ওখানে ইউ হ্যাভ বিন ড্রিংকিং সামথিং। সরি ওষুধ খাচ্ছেন? গরম পানি খাচ্ছেন? আচ্ছা আমি দেখে ভাবলাম তিনি চা খাচ্ছেন। পরবর্তীতে আরও কী খাবেন গড নোজ।’
ওই সদস্য জবাবে জানান, তিনি গরম পানি খাচ্ছিলেন। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে অধিবেশনের কক্ষে বসে খাওয়াদাওয়ার বিষয়ে আলাদা করে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। তবে ৩১১ নম্বর বিধিতে বলা আছে, সংসদকক্ষটি অধিবেশন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।