হোম > জাতীয়

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ বাংলাদেশি

বাসস, ঢাকা 

ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য ৯৮টি হজ ফ্লাইটে এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস। প্রতিষ্ঠানটির পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাঁদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। তাঁদের সবাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

হজ বুলেটিনে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ হজযাত্রীকে এবং আইটি হেল্প ডেস্ক ৮ হাজার ৫৮০ হজযাত্রীকে চিকিৎসা সুবিধা দিয়েছে।

পরিচালক মো. লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটে ১৮ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পরিচালক আরও বলেন, বাকি ৩৮ হাজার ৯৩৮ হজযাত্রী নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের উদ্বোধন করেন।

হজ অফিসের তথ্যমতে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে ৪ হাজার ৪১৯টি সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৮টি বেসরকারি ব্যবস্থাপনায় ইস্যু করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে মুসল্লিদের দেশে ফেরার ফ্লাইট ৩০ মে জেদ্দা থেকে ছাড়তে শুরু করবে বলে আশা করা হচ্ছে। হজের শেষ ফিরতি ফ্লাইট জেদ্দা ছাড়বে আগামী ৩০ জুন।

চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার বিষয়টি ভিত্তিহীন: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

শ্রমিকের ন্যায্য অধিকার সমুন্নত রাখা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রাইজবন্ডের ড্রয়ে বিজয়ী যেসব নম্বর

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বিএমইটির নতুন মহাপরিচালক জামিল আহমেদ

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিস্তারিত তুলে ধরলেন পার্বত্যসচিব