হোম > জাতীয়

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে এমপি শাহজাহান চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে জাতীয় সংসদে বলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘আমি চট্টগ্রামের মানুষ। পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে।’ একই সঙ্গে দুর্গত এলাকায় দ্রুত শুকনো খাবার বিতরণ ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, বিশেষ করে, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় নারী, শিশু, বৃদ্ধসহ অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি দুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ এবং নদীভাঙনকবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর আগে আসরের বিরতির আগে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানান, গত চার দিনের টানা বৃষ্টিতে তাঁর নির্বাচনী এলাকা আনোয়ারা ও কর্ণফুলী সয়লাব হয়ে গেছে। এতে সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে।

পরে জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালে প্রকল্প নেওয়া হলেও ৯ বছর পরও সমস্যার সমাধান হয়নি। এর জন্য তিনি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেন। তিনি বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ সমন্বিতভাবে কাজ করলে স্থায়ী সমাধান সম্ভব। পাশাপাশি স্লুইসগেট, খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলায় ২০০ টন চাল ও ১০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে। এ ছাড়া প্যাকেটজাত শুকনো খাবার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল সম্ভব নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের

ভিসা নীতিমালার খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি

কাঁঠাল রপ্তানি হবে চীনে: সংসদে প্রধানমন্ত্রী