নতুন ইলেকট্রিক বাস-ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
রাতে মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নূতন ইলেকট্রিক বাস শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে আমদানির ক্ষেত্রে কিছু শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর ১৫ শতাংশ বহাল রেখে মোট করভার ১৫ শতাংশ বহাল রেখে সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক (যদি থাকে), আগাম কর ও অগ্রিম আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। এসব সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত রেখে প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি ৫ টন বা তদূর্ধ্ব ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও অনুরূপ প্রজ্ঞাপন জারি করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর তুলে নিয়েছে। এখন শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে সম্পূর্ণ নূতন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রেও শুল্ক-কর অব্যাহতি দেওয়া হলো।