প্রতারণার মামলায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে করা ওই মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেই সঙ্গে কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন তিনি অনুপস্থিত ছিলেন।
প্রতারণার ওই মামলায় গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
এদিকে সাজার ওই রায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিন চান বিদিশা। সেখানে নাকচ হলে হাইকোর্টে জামিন চান তিনি।
বিদিশার পক্ষে ছিলেন আইনজীবী মো. ফজলুর রহমান, মো. মাসুদ মিয়া ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ আলম দোহা।
আরও পড়ুন: