হোম > জীবনধারা > ভ্রমণ

ভ্রমণে কে কেমন: সবচেয়ে ভদ্র ও ফুডি পর্যটক কারা

ফিচার ডেস্ক

ভ্রমণে গিয়ে স্থানীয় সংস্কৃতিকে শ্রদ্ধা জানানো এবং অমায়িক আচরণের দিক থেকে শীর্ষস্থান দখল করেছেন জাপানের পর্যটকেরা। ছবি: পেক্সেলস

বিদেশে ঘুরতে গিয়ে পর্যটকেরা কীভাবে নিজেদের প্রকাশ করেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্যুর অপারেটরদের কৌতূহলের শেষ নেই। কার ভদ্রতা সবচেয়ে প্রশংসনীয়, কে সবচেয়ে বেশি বকশিশ দেন, কারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর কারা শুধু স্থানীয় খাবারের স্বাদে বিভোর থাকেন? আফ্রিকার জনপ্রিয় সাফারি মার্কেটপ্লেস ‘সাফারি বুকিংক্স ডটকম’-এর একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে বিশ্বজুড়ে পর্যটকদের এমনই কিছু অদ্ভুত ও চমকপ্রদ তথ্য। ১৯২টি আন্তর্জাতিক ট্যুর অপারেটরের মতামত নিয়ে তৈরি করা এই প্রতিবেদন ভ্রমণপিয়াসিদের চরিত্র ফুটিয়ে তুলেছে।

ভদ্রতায় সেরা জাপানিরা

ভ্রমণে গিয়ে স্থানীয় সংস্কৃতিকে শ্রদ্ধা জানানো এবং অমায়িক আচরণের দিক থেকে শীর্ষ স্থান দখল করেছেন জাপানের পর্যটকেরা। ২১ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে তাঁরা বিশ্বের সবচেয়ে মার্জিত পর্যটক হিসেবে বিবেচিত হয়েছেন। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ে ও সুইজারল্যান্ড। এর পরপরই স্থান পেয়েছেন কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। অন্যদিকে, আচরণগত এই তালিকায় মাত্র ১ দশমিক ৩ শতাংশ মতামত পেয়ে সবচেয়ে পেছনের সারিতে রয়েছেন ইতালির পর্যটকেরা। তবে সামগ্রিকভাবে ইউরোপীয় পর্যটকদের ওয়াইল্ডলাইফ বা বন্য প্রাণী সংরক্ষণে আগ্রহ এবং কৌতূহলী মানসিকতার প্রশংসা করেছেন সাফারি পরিচালকেরা।

বেশি খরচ করেন আমেরিকানরা

বকশিশ বা ‘টিপ’ দেওয়ার ক্ষেত্রে আমেরিকানদের বিশ্বব্যাপী এক বিশেষ খ্যাতি রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, বকশিশ দেওয়ার সংস্কৃতিতে ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন মার্কিন পর্যটকেরা। তাদের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন জার্মানি ও কানাডার পর্যটকেরা। শুধু টিপ দেওয়াই নয়, ভ্রমণের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করার ক্ষেত্রেও আমেরিকানরা শীর্ষে। চমকপ্রদ তথ্য হলো, সবচেয়ে বেশি খরচ করা এবং সবচেয়ে বেশি টিপ দেওয়া—দুটি তালিকারই শীর্ষ তিনটি দেশ হুবহু এক: প্রথম যুক্তরাষ্ট্র, এবং যৌথভাবে দ্বিতীয় জার্মানি ও কানাডা (প্রতিটি ১২ দশমিক ৮%)।

অ্যাডভেঞ্চারে ইউরোপ, আরামে এশিয়ান

ভ্রমণে গিয়ে রিলাক্স না করে রোমাঞ্চ বা শারীরিক কসরত পছন্দ করেন কারা? এই তালিকার শীর্ষ তিনটি স্থানই ইউরোপীয় দেশগুলোর দখলে। ২১ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে অ্যাডভেঞ্চারপ্রেমী হিসেবে প্রথম হয়েছেন জার্মানির পর্যটকেরা। এরপর রয়েছে ফ্রান্স ও নেদারল্যান্ডস। অন্যদিকে, ছুটির দিনে অ্যাডভেঞ্চারে না গিয়ে আরাম-আয়েশ এবং বিশ্রাম নিতে বেশি পছন্দ করেন যুক্তরাজ্য ও ভারতের পর্যটকেরা। আর এই তালিকায় একেবারে শেষে রয়েছেন স্পেনের পর্যটকেরা।

নতুন দেশের বৈচিত্র্যময় খাবারের স্বাদ নিতে ‘ফুডি’ হিসেবে সবার ওপরে রয়েছেন ভারতীয় পর্যটকেরা। ছবি:পেক্সেলস

খাবারের স্বাদে সেরা এশিয়া

স্থানীয় খাবারের সংস্কৃতির প্রতি সবচেয়ে বেশি উৎসাহ দেখা যায় এশীয় পর্যটকদের মধ্যে। নতুন দেশের বৈচিত্র্যময় খাবারের স্বাদ নিতে ‘ফুডি’ হিসেবে সবার ওপরে রয়েছেন ভারতীয় পর্যটকেরা। এই তালিকার দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও চীন। এশীয় দেশগুলোর মধ্যে শুধু ৩ নম্বর স্থানটি দখল করতে পেরেছেন ফরাসি পর্যটকেরা। পর্যটকদের এই বৈচিত্র্যময় আচরণই আন্তর্জাতিক ভ্রমণকে করে তোলে বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। তবে বিশ্বজুড়ে গণ-পর্যটনের এই যুগে স্থানীয় সংস্কৃতি রক্ষা এবং বিনয়ী আচরণই একজন পর্যটককে আদর্শ হিসেবে গড়ে তোলে।

সূত্র: ইউরো নিউজ, দ্য ডেইলি ডাইজেস্ট