হোম > জীবনধারা > ভ্রমণ

মালয়েশিয়া

ইতিহাস ও প্রকৃতি উপভোগ করার দারুণ গন্তব্য

ইয়াসির আরাফাত

মালয়েশিয়ার নাম শুনলেই অনেকের মনে প্রথমে চলে আসে ঝকঝকে আকাশচুম্বী ভবন, ব্যস্ত নগরজীবন আর আধুনিকতার প্রতীক রাজধানী শহর কুয়ালালামপুরের ছবি। নিঃসন্দেহে এই শহর যেন দেশটির হৃদয়। কিন্তু মালয়েশিয়া কি শুধুই কুয়ালালামপুর? তা মোটেও নয়। দেশটি প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি আর অ্যাডভেঞ্চারের এক বিস্ময়কর সংমিশ্রণ। এর বিস্তার উপদ্বীপ থেকে বোর্নিও দ্বীপ পর্যন্ত। অনেকে তো মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের কথা বেমালুম ভুলেই যায়।

অথচ মেইনল্যান্ড মালয়েশিয়া থেকে অনেক বেশি বড় বোর্নিও দ্বীপ মালয়েশিয়ারই অংশ। মালয়েশিয়ার মেইনল্যান্ডের আয়তন হচ্ছে ১ লাখ ৩১ হাজার ৬০০ বর্গকিলোমিটার। আর বোর্নিও দ্বীপে মালয়েশিয়ার আয়তন হচ্ছে ১ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার। কিন্তু কয়জন মানুষ এই বোর্নিও দ্বীপের কথা জানেন কিংবা এখানে ভ্রমণের কথা চিন্তা করেন? খুব কম।

অথচ মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল ভ্রমণের পর আমি বলতে বাধ্য যে এই বোর্নিও অঞ্চলই হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর অংশ।

শুধু বোর্নিও ভ্রমণ করতেই প্রয়োজন ১০ থেকে ১৪ দিন। এখানে আছে মালয়েশিয়ার সবচেয়ে উঁচু পাহাড় কিনাবালু। ৪ হাজার ৯৫ মিটার, অর্থাৎ ১৩ হাজার ৪৩৫ ফুট উঁচু এই পাহাড় হাইকিং-প্রেমিকদের জন্য অসাধারণ জায়গা। তারপর রয়েছে সেম্পোরনা অঞ্চলের মালদ্বীপ কিংবা ফিলিপিনের মতো নীল স্বচ্ছ পানি এবং সাদা বালুর সৈকতে ঘেরা অজস্র দ্বীপের সমারোহ। অসংখ্য দেশ ভ্রমণের পর আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই সেম্পোরনা অঞ্চলে দেখেছি আমার জীবনের সবচেয়ে সুন্দর সামুদ্রিক রং। এখানে রাত কাটানোর জন্য থাকতে পারবেন নীল সাগরের মাঝে গড়ে ওঠা অসংখ্য ওয়াটার ভিলায়। সেখানে গেলে মনে হবে, মালদ্বীপে রয়েছেন কিন্তু তার কয়েক গুণ কম মূল্যে।

মালয়েশিয়ান মেইনল্যান্ডের কাছে পূর্ব উপকূলে রয়েছে অপরূপ সৌন্দর্যে সজ্জিত অসংখ্য দ্বীপ। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পারহেন্টিয়ান, রেডাং ও টিওমান দ্বীপ। আর পশ্চিম উপকূলে থাইল্যান্ডের নিকটবর্তী দ্বীপগুলোর মধ্যে আছে লাঙ্কাউই ও পেনাং দ্বীপ। এ দুটি দ্বীপের কথা জানেন বেশির ভাগ মানুষ। যদি পরিবার নিয়ে মালয় সংস্কৃতিতে ডুব দিতে চান, তাহলে লাঙ্কাউই দ্বীপ অসাধারণ গন্তব্য। আর যদি নরম সাদা বালুর সমুদ্রসৈকত আর নীল পানির ঢেউ উপভোগ করতে চান, তাহলে পূর্ব উপকূলের দ্বীপগুলো সেরা। এ ছাড়া যদি ঐতিহাসিক শহর আপনাকে বেশি টানে, তাহলেও আপনাদের মালয়েশিয়া হতাশ করবে না।

ইতিহাসপ্রেমীদের জন্য রয়েছে জর্জ টাউন ও মালাক্কা। ইউনেসকো স্বীকৃত এসব শহরে হাঁটলেই দেখা যায় ঔপনিবেশিক স্থাপত্য, প্রাচীন চার্চ, মসজিদ ও মন্দিরের সহাবস্থান। মালাক্কার ডাচ স্কয়ারের লাল ভবন কিংবা পেনাংয়ের রঙিন স্ট্রিট আর্ট—সবকিছুই যেন অতীতের গল্প বলে। শীতল আবহাওয়া উপভোগ করতে চাইলে ক্যামেরন হাইল্যান্ডস হতে পারে আদর্শ গন্তব্য। সেখানকার চা-বাগানের সবুজ ঢেউ আর মেঘে ঢাকা পাহাড় মন শান্ত করে দেবে।

রাজধানী কুয়ালালামপুর থেকে ডে ট্যুর করে দিনে দিনে ফিরে আসা সম্ভব হলেও আমার পরামর্শ থাকবে, অন্তত একটি রাত কাটাতে হবে ক্যামেরন হাইল্যান্ডসের চা-বাগানগুলোর মধ্যে অবস্থিত অসংখ্য হোটেলের যেকোনো একটিতে। ভোরবেলা সেসব হোটেলের জানালা খুললেই দেখতে পাবেন, মেঘে ঢাকা পাহাড় আর সেই সঙ্গে নাকে লাগবে চা-পাতার সুঘ্রাণ। এই দৃশ্য ও ঘ্রাণ আপনার পুরো দিনটিকেই পরিবর্তন করে দিতে বাধ্য।

মালয়েশিয়া শুধু একটি আধুনিক দেশের নাম নয়, এটি এক বহুমাত্রিক অভিজ্ঞতার দেশ; যেখানে ইতিহাস, প্রকৃতি, পাহাড়, সমুদ্র আর সংস্কৃতি মিলেমিশে এক অনন্য পরিচয় গড়ে তুলেছে। তাই ভ্রমণের পরিকল্পনা করলে শুধু কুয়ালালামপুরেই সীমাবদ্ধ থাকবেন না। মালয়েশিয়ার প্রতিটি প্রদেশে, প্রতিটি দ্বীপে লুকিয়ে আছে নতুন গল্প, নতুন বিস্ময়। যদি সত্যিই আপনি ভ্রমণ করতে চান, তাহলে মালয়েশিয়ায় দেখা এবং উপভোগ করার মতো অনেক কিছু আছে। আপনার ভ্রমণের রুচি ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে সাজিয়ে ফেলুন এবারের মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা।

ঈদে একা ভ্রমণে ৫ ভুল এড়িয়ে চলুন

পাহাড়-নদী-সবুজের অপার মেলবন্ধন

পর্যটন খাতে ১২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

হেঁটে বিশ্বভ্রমণ: দেশ বদলায়, মানুষের আন্তরিকতা বদলায় না

যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ভ্রমণ পরিস্থিতি চাপের মুখে

শাপলা বিলের রহস্যময় সমাধিসৌধ

গরমে ঘুরতে যাওয়ার আগে জেনে নিন

নিউইয়র্কে চাকরি আর সংসার হারিয়ে এশিয়ায় ভ্রমণ বদলে দিল মেইসির জীবন

ঈদে মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপে সুলভ ভ্রমণ

বাংলাদেশ-ভারত পর্যটনে ফিরছে সুবাতাস