কে বিউটি বা কোরিয়ান সাজসজ্জা যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে কুশন কমপ্যাক্ট পরিচিত নাম। এটি এমন একটি প্রসাধনী, যাতে একই বাক্সে তরল ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকে। মেকআপের একাধিক ধাপ এড়িয়ে ত্বকে প্রাকৃতিক, উজ্জ্বল এবং নিখুঁত লুক দিতে কুশন কমপ্যাক্ট খুব ভালো কাজ করে।
কুশন কমপ্যাক্টের বাক্সে একটি নরম স্পঞ্জ বা কুশন তরল ফাউন্ডেশন বা বিবি ক্রিমে সম্পূর্ণ ভেজানো থাকে। সঙ্গে মেকআপ লাগানোর জন্য একটি নন-অ্যাবজরবেন্ট বিশেষ পাফ থাকে। পাফটি কুশনে চাপ দিলে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকুই মেকআপ তুলে নেয়। কুশন কমপ্যাক্ট ছোট বাক্সে থাকায় হ্যান্ডব্যাগে বহন করাও সহজ। প্রয়োজনে যখন-তখন টাচআপও করে নেওয়া যায়।
এই কমপ্যাক্ট ব্যবহারের আগে পরিচ্ছন্ন ত্বকে ময়শ্চারাইজার বুলিয়ে নিতে হবে। যদি কমপ্যাক্টে সানস্ক্রিন থাকে, তাহলে আলাদা করে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। কুশন কমপ্যাক্ট পাফ দিয়ে আলতো করে ত্বকে লাগান। পাফ দিয়ে পুরো মুখের ত্বকের ওপর আলতোভাবে চাপ দিয়ে মেকআপ ব্লেন্ড করে নিন। কখনোই বেশি ঘষে ঘষে পাফ দিয়ে মুখে কমপ্যাক্ট লাগাবেন না, তাতে মেকআপ অমসৃণ দেখাবে। ত্বকে জীবাণু ও ব্রণের সমস্যা এড়াতে মাঝে মাঝে পাফটি শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে তারপর আবার ব্যবহার করতে হবে।
সূত্র: ইনটু দ্য গ্লস ও অন্যান্য