হোম > জীবনধারা > ফ্যাশন

রমজানে পোশাকে থাকুক আভিজাত্য, স্বাচ্ছন্দ্য ও আধুনিকতা

ফিচার ডেস্ক, ঢাকা 

এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। ছবি: পেক্সেলস

পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং ব্যক্তিত্ব এবং রুচির প্রতিফলন ঘটছে প্রতিটি পোশাকে।

কাফতান: ঐতিহ্যের চিরচেনা আভিজাত্য

রমজানের ফ্যাশনে কাফতান একটি বিশেষ স্থান দখল করে থাকে। মরক্কোর কাফতান ডিজাইনার সেলমা বেনোমার ‘ভোগ অ্যারাবিয়া’কে জানান, কাফতান কেবল একটি পোশাক নয়, এটি একটি সংস্কৃতি। দীর্ঘ সময় রোজা রাখার পর যখন শরীর একটু আরাম চায়, তখন কাফতানের ঢিলেঢালা এবং বাতাস চলাচলের উপযোগী নকশা নারীদেহে প্রশান্তি আনে। বর্তমানে কাফতানে দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। সূক্ষ্ম কারুকাজ, আধুনিক কাট এবং মার্জিত রঙের ব্যবহার বর্তমান প্রজন্মের কাছে কাফতানকে আরও জনপ্রিয় করে তুলেছে।

ড্রেপড ড্রেস: ট্রেন্ডি ও আধুনিক বিকল্প

এদিকে যাঁরা কাফতানের একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে চান, তাঁদের জন্য ড্রেপড ড্রেস হতে পারে সেরা বিকল্প। এটি শরীরের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায় এবং পরতে অত্যন্ত আরামদায়ক। রমজান মাসে ইফতারির দাওয়াত আয়োজনে অনেক দৌড়ঝাঁপ করতে হয়। সারা দিন রোজা রেখে তখন এই হালকা ও মার্জিত পোশাকগুলো আভিজাত্য ধরে রাখতে সাহায্য করে। একটি স্কার্ফ বা শালের সঙ্গে স্টাইল করলে এতে সহজেই সুন্দর ভাব ফুটিয়ে তোলা যায়।

আবায়া ও প্রিন্টেড ড্রেস

আধুনিক আবায়া: ভারী নকশার বদলে এবার ক্লিন টেইলরিং এবং নিউট্রাল টোনের (কালো, চকলেট বা নেভি ব্লু) আবায়ার চাহিদা বেশি। এগুলো যেমন মার্জিত, তেমনি ইফতার-পরবর্তী যেকোনো অনুষ্ঠানে পরার জন্য মানানসই।

প্রিন্টেড ড্রেস: রেস্টুরেন্টে ইফতার বা ঘরোয়া সেহরি আড্ডার জন্য প্রিন্টেড ম্যাক্সি শার্ট ড্রেস একটি চমৎকার আধুনিক সংযোজন। এটি একদিকে যেমন আধুনিক, অন্যদিকে শালীনতাও বজায় রাখে।

রং আর আলোর খেলা

রমজানের সন্ধ্যাগুলো সাধারণত মৃদু আলোয় কাটে। এই আলোয় পান্না সবুজ বা মেরুনের মতো গাঢ় রংগুলো বেশ উজ্জ্বল দেখায়। ঝকঝকে চুমকির কাজের বদলে এবার প্রাধান্য পাচ্ছে কাপড়ের টেক্সচার। সিল্ক ফিনিশ, সূক্ষ্ম এমব্রয়ডারি বা কুঁচি দেওয়া কাপড় পোশাককে দিচ্ছে এক অভিজাত মাত্রা।

অ্যাক্সেসরিজ ও ফিনিশিং টাচ

এবারের স্টাইল ট্রেন্ড বলছে অল্পতেই সৌন্দর্য। অনেক গয়না না পরে একটি বড় কানের দুল বা একটি সুন্দর ঘড়ি বা কাফ বেছে নিন। এর সঙ্গে একটি ছোট হ্যান্ডব্যাগ বা ক্লাচ পুরো লুকে ভারসাম্য আনে। যেহেতু পোশাকগুলো একটু ঢিলেঢালা বা ফ্লুইড হয়, তাই একটি স্ট্রাকচার্ড ব্যাগ লুকে আনে স্মার্টনেস।

রমজানের ফ্যাশন এখন আর কেবল নতুন পোশাক কেনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন নিজের শিকড়কে সম্মান জানানো এবং একই সঙ্গে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার এক শৈল্পিক বহিঃপ্রকাশ। কাফতান হোক বা ড্রেপড ড্রেস, এবারের মূল মন্ত্র হলো রিফাইনমেন্ট বা মার্জিত আভিজাত্য।

সূত্র: ভোগ অ্যারাবিয়া, ল্যাভিস কনসেপ্ট

সূর্যাস্তের রঙে রাঙানো ছিল বিশ্বকাপ, রোমানীয় তরুণীর তৈরি পোশাকে শাকিরার শো

বর্ষায় শাড়িতে আরাম ও আভিজাত্য

ফ্যাশনে নতুন মোড়: বডি পজিটিভিটি

আর্জেন্টিনা ভ্রমণে সঙ্গে নিন নিখুঁতভাবে তৈরি ও পরিশীলিত রুচির পোশাক

চলে নীল শাড়ী নিঙ্গাড়ি নিঙ্গাড়ি

ফ্যাশন ফিল্ডেও খেলা জমুক

বর্ষায় যেমন পোশাক পরা চাই

ফ্যাশনের দেশে ফুটবল

বিশ্বকাপ শুরুর আগেই বদলে ফেলুন চুলের ছাঁট

কানের লালগালিচায় গোলাপি আভা ছড়াতে যেভাবে সেজেছিলেন আলিয়া ভাট