ভ্যাপসা গরম, ট্রাফিক জ্যাম আর কাজের চাপ—সব মিলিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এই সময়ে শুধু ভালো পোশাক বা সাজগোজই যথেষ্ট নয়, নিজের মেজাজ ঠিক রাখতে এবং অন্যদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরতে ‘পারফিউম’ হতে পারে আপনার সেরা সঙ্গী। পারফিউম হলো আপনার অদৃশ্য ব্যক্তিত্ব। এই গরমে সুগন্ধিই হোক আপনার রক্ষাকবচ। আপনার প্রিয় সুবাসটি খুঁজে নিন। যা আপনাকে মনে করিয়ে দেবে, বাইরে যতই উত্তাপ থাকুক, আপনার ভেতরের প্রশান্তি আর আত্মবিশ্বাস যেন অটুট থাকে।
সুগন্ধি কেন মানসিক শান্তি আনে
গরমের তীব্রতায় যখন ঘাম আর ক্লান্তি আমাদের ঘিরে ধরে, তখন শুধু একটু সুগন্ধিই পারে আস্ত একটা দিন বদলে দিতে। বিজ্ঞান বলছে, আমাদের ঘ্রাণশক্তি সরাসরি মস্তিষ্কের ‘লিম্বিক সিস্টেম’-এর সঙ্গে যুক্ত, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। তাই সঠিক সুগন্ধি আপনার শরীরের দুর্গন্ধই শুধু দূর করে না, বরং মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের মতো ‘ফিল গুড’ হরমোন নিঃসরণ করে। যেখান থেকে আপনার কনফিডেন্স বেড়ে যাবে বহুগুণ। প্রত্যেক মানুষের সুগন্ধির স্মৃতি আলাদা। কারও কাছে ঘাস কাটার গন্ধ মানে প্রশান্তি, কারও কাছে হয়তো সেটি পুরোনো কোনো স্মৃতি। কারও কাছে কড়া কোনো ফুলের গন্ধ মানসিক শক্তি দেয়। তাই এই গরমে বিজ্ঞানের পাশাপাশি নিজের মনের কথা শুনুন। এমন একটি সুগন্ধি, যা ভিড়ের মাঝেও আপনাকে আলাদা করবে আর মনে করাবে, উত্তপ্ত দুপুরেও আপনি কতটা সজীব।
যখন দরকার মানসিক শান্তি
তীব্র রোদে স্ট্রেস বা ক্লান্তি আসাটাই স্বাভাবিক। কয়েকটি সুগন্ধি হার্ট রেট কমিয়ে মনে শান্তি ফেরাতে পারে।
ল্যাভেন্ডার ও ক্যামোমাইল: এই সুগন্ধিগুলো স্নায়ু শান্ত রাখে। অফিসের ব্যস্ত দিনের শেষে একটু ল্যাভেন্ডারের ছোঁয়া আপনার দুশ্চিন্তা নিমেষে কমিয়ে দেবে।
বার্গামট: এটি একধরনের লেবুজাতীয় ফল হলেও এর ঘ্রাণ অত্যন্ত অভিজাত। এটি মানসিক চাপ কমিয়ে মুহূর্তে মন সজীব করে তোলে।
শক্তির জোগান দেবে যে সুগন্ধ
গুরুত্বপূর্ণ মিটিং বা সামাজিক অনুষ্ঠানে নিজেকে প্রভাবশালী ও আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরবে—এমন সুগন্ধি বেছে নিন।
জুঁই বা জেসমিন: এই ফুলের ঘ্রাণ শুধু মিষ্টিই নয়, এটি মস্তিষ্কের সতর্কতা বাড়ায়। এটি আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী বোধ করতে সাহায্য করে।
চন্দন বা স্যান্ডালউড: মাটির কাছাকাছি থাকা বা ‘গ্রাউন্ডিং’ অনুভূতির জন্য চন্দন সেরা। এটি আপনাকে দেয় আভিজাত্য আর দৃঢ়তার এক অদৃশ্য আভা।
মাস্ক: দীর্ঘস্থায়ী এই ঘ্রাণ আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত।
দুপুরের ঝিমুনি কাটাতে ‘এনার্জি বুস্টার’
দুপুরের কড়া রোদে শরীর এমন হয়ে যায় যে তা আর চলছেই না। তখন এক ঝটকায় ক্লান্তি দূর করতে পারে সাইট্রাস ও হারবাল নোটস।
লেবু, কমলা বা গ্রেপ ফ্রুট: এই ফলগুলোর টক-মিষ্টি ঘ্রাণ অনেকটা ‘সেন্সরি ডাবল শট’ কফির মতো কাজ করে। এটি মস্তিষ্কের জড়তা দূর করে মনোযোগ বাড়ায়।
মিন্ট ও রোজমেরি: পুদিনার শীতল অনুভূতি আর রোজমেরির তীক্ষ্ণ ঘ্রাণ স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।
সুগন্ধি ব্যবহারে সতর্কতা
-কবজিতে পারফিউম স্প্রে করার পর দুই হাত ঘষবেন না। এতে চামড়ায় ঘর্ষণ ও তাপ তৈরি হয়, যা পারফিউমের সুবাস নষ্ট করে দেয় এবং ঘ্রাণ দ্রুত হারিয়ে যায়। স্প্রে করার পর প্রাকৃতিকভাবে শুকাতে দিন।
-শরীরের যেসব জায়গায় রক্তসঞ্চালন বেশি (যেমন কবজি, ঘাড়, কানের পেছনে বা কনুইয়ের ভেতরের অংশ) সেখানে পারফিউম মাখুন। শরীরের প্রাকৃতিক তাপ ঘ্রাণকে চারদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে।
-পারফিউম সরাসরি ত্বকে ব্যবহার করা ভালো। অনেক সময় কাপড়ে স্প্রে করলে তাতে দাগ পড়ে যেতে পারে। এ ছাড়া সুগন্ধি কেবল ত্বকের সংস্পর্শেই তার আসল রূপ ফুটিয়ে তোলে।
-পারফিউম খুব সংবেদনশীল। এটি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা জায়গায় রাখবেন না। বাথরুমের মতো স্যাঁতসেঁতে জায়গা বা সরাসরি রোদে পারফিউম রাখবেন না, এতে ঘ্রাণ নষ্ট হয়ে যায়। সবচেয়ে ভালো হয় পারফিউমটি তার অরিজিনাল বক্সে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে।
-পারফিউম অক্সিজেন বা বাতাসের সংস্পর্শে এলে ধীরে ধীরে তার মান হারায়। তাই যদি আপনি প্রতিদিন একই পারফিউম ব্যবহার না করেন, তবে বড় বোতলের চেয়ে ছোট বোতল কেনাই বুদ্ধিমানের কাজ।
-শুষ্ক ত্বকে পারফিউমের ঘ্রাণ বেশিক্ষণ থাকে না। পারফিউম ব্যবহারের আগে একটি সুগন্ধহীন (Unscented) লোশন বা ময়শ্চারাইজার মেখে নিন; এটি সুগন্ধকে ত্বকের সঙ্গে আটকে রাখতে সাহায্য করবে।
-অতিরিক্ত গরমে ঘামের কারণে ত্বকে সরাসরি পারফিউম বেশিক্ষণ থাকে না। এমন পরিস্থিতিতে চুল, ওড়না বা স্কার্ফে হালকা করে স্প্রে করতে পারেন। এতে বাতাসে আপনার চলাফেরার সঙ্গে সঙ্গে সুবাস চারদিকে ছড়িয়ে পড়বে।
সূত্র: ভোগ, শোবিজ ডেইলি