হোম > জীবনধারা > জেনে নিন

দিনে কয় কাপ কফি পান করবেন

ফিচার ডেস্ক, ঢাকা 

দিনে দুই থেকে চার কাপ কফি অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ ও উপকারী। ছবি: ফ্রিপিক

কফি অনেকের কাছে দিনের শুরু বা কাজের ফাঁকে সতেজ হওয়ার প্রধান অনুষঙ্গ। কেউ সকালে কফি পান না করলে ঠিকমতো সতেজ হয়ে উঠতে পারেন না। আবার কারও কাছে এটি মনোযোগ ধরে রাখার সহজ উপায়। তবে প্রশ্ন হলো, কতটুকু কফি আমাদের শরীরের জন্য ভালো, আর কখন এটি ক্ষতির কারণ হতে পারে?

সিএনএনের স্বাস্থ্যবিষয়ক বিশ্লেষণে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লীনা ওয়েন কফির উপকারিতা, নিরাপদ মাত্রা এবং প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

কফির স্বাস্থ্য উপকারিতা

কফি শুধু জনপ্রিয় একটি পানীয়ই নয়, পরিমিত মাত্রায় এটি স্বাস্থ্যের জন্য উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত কিন্তু সীমিত পরিমাণে কফি পান করলে হৃদ্‌রোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস, কিছু ক্যানসার এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কফি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে, মনোযোগ বাড়ায় এবং ক্লান্তি কমাতে ভূমিকা রাখে।

কতটুকু কফি পান করা নিরাপদ

গবেষণায় দেখা গেছে, দিনে দুই থেকে চার কাপ কফি অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ ও উপকারী। একটি ব্রিটিশ গবেষণায় দেখা যায়, যাঁরা দিনে তিন কাপ কফি পান করেন, তাঁদের কার্ডিওমেটাবলিক রোগের ঝুঁকি প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত কমে। অন্য একটি গবেষণায় বলা হয়েছে, দিনে দুই থেকে তিন কাপ কফি পানকারীদের অকালমৃত্যুর ঝুঁকিও তুলনামূলকভাবে কম। তবে কফি পানের এই পরিমাণ সবার ক্ষেত্রে এক রকম না-ও হতে পারে। ব্যক্তির শারীরিক অবস্থা, বয়স ও ক্যাফেইনের প্রতি সংবেদনশীলতার ওপর এটি নির্ভর করে।

গর্ভবতীদের সাধারণত দিনে ২০০ মিলিগ্রামের নিচে ক্যাফেইন গ্রহণ নিরাপদ। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

অতিরিক্ত কফি পানে কী সমস্যা হতে পারে

যদিও কফির উপকারিতা রয়েছে, তবে অতিরিক্ত কফি পান শরীরের জন্য ক্ষতিকর। বেশি ক্যাফেইন গ্রহণ করলে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিরতা, উদ্বেগ, হাত কাঁপা এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের মতে, দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ অধিকাংশ প্রাপ্তবয়স্কের জন্য নিরাপদ, যা আনুমানিক চার কাপ কফির সমান। তবে যাঁদের অনিদ্রা বা উদ্বেগজনিত সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এই মাত্রা কম হওয়া উচিত।

ক্যাফেইন শুধু কফিতেই নয়

অনেকে ভাবেন, ক্যাফেইন শুধু কফিতেই থাকে। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। এক কাপ এসপ্রেসো কফিতে গড়ে ৬০ থেকে ৭০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। ব্ল্যাক টিতে থাকে ৪০ থেকে ৫০ মিলিগ্রাম। কিছু এনার্জি ড্রিংকসে ক্যাফেইনের পরিমাণ আরও বেশি। ১২ আউন্সের একটি এনার্জি ড্রিংকসে ২০০ থেকে ৩০০ মিলিগ্রাম ক্যাফেইন থাকতে পারে। এ কারণে শুধু কফি নয়, দিনে মোট কতটা ক্যাফেইন শরীরে যাচ্ছে, সেটির হিসাব রাখা জরুরি। বিশেষ করে এনার্জি ড্রিংকস ও সোডা পানীয়তে ক্যাফেইনের পাশাপাশি অতিরিক্ত চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান থাকে। তাই এসব পানীয় পানের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

যাঁদের বেশি সতর্ক থাকা প্রয়োজন

  • ১২ বছরের নিচে শিশুদের ক্যাফেইন একেবারে গ্রহণ না করা ভালো।
  • ১২ থেকে ১৮ বছর বয়সীদের দিনে ১০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়।
  • গর্ভবতীদের ক্যাফেইন সীমিত রাখা উচিত। তাঁদের সাধারণত দিনে ২০০ মিলিগ্রামের নিচে ক্যাফেইন গ্রহণ নিরাপদ।
  • হৃদ্‌রোগ বা অন্য জটিল শারীরিক সমস্যা থাকলে ক্যাফেইন গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
  • যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁদের বিকেলের পর কফি পান না করাই ভালো।

সবকিছুর মতো কফি পানের ক্ষেত্রেও পরিমিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিনে দুই থেকে তিন কাপ কফি বেশির ভাগ মানুষের জন্য উপকারী। তবে কফি ও অন্যান্য পানীয় মিলিয়ে মোট ক্যাফেইনের পরিমাণ কত হচ্ছে, সেদিকেও নজর রাখা জরুরি। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরিমিত ও সচেতনভাবে কফি পান করলে, কফিপ্রেমীরা বড় কোনো সমস্যা ছাড়াই তাঁদের প্রিয় পানীয় উপভোগ করতে পারবেন।

সূত্র: সিএনএন হেলথ

পিরিয়ড চলাকালে নারীদের ‘কষ্ট ও ব্যর্থতার স্মৃতি’ মনে পড়ে যে কারণে

শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন

অত্যন্ত সংবেদনশীল মানুষেরা নিজেদের ভালো রাখবেন যেভাবে

আজকের রাশিফল: ব্যক্তিত্বের চেয়ে পকেটের ওজন বাড়ানোয় মন দিন, পুরোনো আশা পূরণ হবে

সন্তানের সঙ্গে আত্মিক বন্ধন গড়ে তুলবেন যেভাবে

আজকের রাশিফল: প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার প্রবল সম্ভাবনা, বুদ্ধির জোরে শত্রু কুপোকাত হবে

কাঠের আসবাব দীর্ঘদিন ভালো রাখতে

আজকের রাশিফল: ফেসবুকে ভাইরাল হওয়ার সম্ভাবনা, বিকেলে রোমান্সের যোগ

সম্পর্কে প্রতারণা মাঙ্কি ব্রাঞ্চিং: আপনি তার শিকার কি না, বুঝবেন যেভাবে

আজকের রাশিফল: সুন্দরী দেখে ঘাড় ঘোরালে নাক ফাটবে, ধারের টাকা ফেরত চাইলে বন্ধুত্ব শেষ