হোম > জীবনধারা > জেনে নিন

শীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপ

ফিচার ডেস্ক

শীত পুরোপুরি জেঁকে বসার আগেই পুরো ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখুন। ছবি: পেক্সেলস

শীতের আগমন মানেই দিনের আলোর সময় ছোট হয়ে আসা এবং ঘরে বেশি সময় কাটানোর আমেজ। তবে ঠান্ডার আবহাওয়ায় ঘরবাড়ি বেশিক্ষণ বন্ধ রাখা হয় বলে ধুলোবালি, স্যাঁতসেঁতে ভাব কিংবা মেঝের ময়লা খুব দ্রুত জমে যায়। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই পুরো ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিতে সহজ ও কার্যকর টিপস নিচে তুলে ধরা হলো।

জানালার কাচ ও ফ্রেম পরিষ্কার

জানালার কাচ ও ফ্রেমে ধুলোবালি ও ময়লা জমে থাকলে ঘরে পর্যাপ্ত আলো আসতে পারে না। তাই জানালার কাচ, ফ্রেম ও সিল ভালোমতো মুছে ফেলুন। এ ছাড়া জানালার কোণে জমা হওয়া আর্দ্রতা বা পানি নিয়মিত মুছে ফেলা উচিত, যাতে স্যাঁতসেঁতে ভাব তৈরি না হয়।

হিটার বা রেডিয়েটর পরিষ্কার

দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হিটার বা রেডিয়েটরের ভেতরের অংশে প্রচুর ধুলোবালি জমে। শীতের শুরুতে হিটার চালুর আগেই এর ধুলো পরিষ্কার করে ফেলুন। তা না করলে হিটার চালালে সেই ধুলো পুরো ঘরের বাতাসে ছড়িয়ে পড়তে পারে এবং শ্বাসনালির সমস্যা তৈরি করতে পারে।

কার্পেট ও গালিচা সতেজ করা

শীতের দিনে বাইরে থেকে জুতায় করে কাদা ও ধুলোবালি ঘরে আসার আশঙ্কা বেশি থাকে। প্রবেশপথ, বারান্দা ও ড্রয়িংরুমের কার্পেট নিয়মিত ভ্যাকিউম বা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখুন। কার্পেটে দাগ লাগলে দ্রুত তা তরল ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলুন, যেন দাগ বসে না যায়।

রান্নাঘরের ডিপ ক্লিনিং

শীতের সময় সুস্বাদু খাবার তৈরি এবং পরিবার নিয়ে ঘরে খাওয়ার আনন্দ অন্য রকম। তাই এই সময়ে রান্নাঘরের প্রতিটি কোণ ভালো করে পরিষ্কার করা প্রয়োজন। ক্যাবিনেটের হ্যান্ডেল, কাউন্টার টপ, সিঙ্ক, দেয়াল এবং মাইক্রোওভেনের ভেতরের অংশ ভালোভাবে মুছে জীবাণুমুক্ত করে নিন।

খননে অভিজাতদের বিলাসবহুল অংশের চেয়ে সাধারণ দাস-দাসীদের থাকার জায়গা বা রান্নাঘরের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। ছবি: পেক্সেলস

বাথরুমের বাতাস চলাচলের ব্যবস্থা

শীতের রাতে বাথরুম বন্ধ থাকলে জানালা ও দেয়ালে বাষ্প জমে স্যাঁতসেঁতে ভাব হতে পারে, যা থেকে ক্ষতিকর ছত্রাক বা মোল্ড জন্ম নেয়। তাই বাথরুমের এগজস্ট ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত করুন এবং ব্যবহারের পর দেয়াল বা আয়নার অতিরিক্ত বাষ্প মুছে ফেলুন।

শীতের কম্বল, চাদর ও কুশন কভার ধোয়া

আলমারিতে জমে থাকা শীতের ভারী কম্বল, কাঁথা, লেপ বা তোশক রোদে দিন। এ ছাড়া সোফার কুশন কভার ও অতিরিক্ত চাদর ব্যবহারের আগে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এতে ধুলোবালি ও অ্যালার্জির জীবাণু দূর হয়ে ঘরে চমৎকার তাজা ভাব তৈরি হবে।

প্রবেশপথ গুছিয়ে রাখা

বাইরে থেকে কাদা বা ভেজা জুতা নিয়ে ঘরে ঢুকলে পুরো মেঝেই নোংরা হয়। তাই ঘরের প্রবেশপথে একটি জুতা রাখার র‍্যাক এবং ভেজা ছাতা রাখার নির্দিষ্ট জায়গা করুন। প্রতিদিনের প্রবেশপথের মেঝে নিয়মিত ঝাড়ু ও মোছা জরুরি।

উঁচু ও দুর্গম জায়গার ধুলোবালি দূর করা

সাপ্তাহিক পরিষ্কারের সময় ঘরের উঁচু জায়গাগুলো প্রায়ই বাদ পড়ে যায়। আলমারির ওপর, দরজার ফ্রেম, ছবির ফ্রেম ও ফ্যানের ব্লেডে জমে থাকা ধুলো ওপর থেকে শুরু করে নিচের দিকে ঝাড়ু দিন, যেন পুরো ঘরের ধুলো একবারে নিচে পড়ে এবং সহজে পরিষ্কার করা যায়।

ময়লা ফেলার ঝুড়ি বা ডাস্টবিন পরিষ্কার

শীতকালে ঘরের জানালা বন্ধ থাকায় ডাস্টবিনের দুর্গন্ধ ঘরের ভেতরে সহজে ছড়িয়ে পড়ে। তাই রান্নাঘর এবং ঘরের ডাস্টবিনগুলো নিয়মিত খালি করার পর জীবাণুনাশক দিয়ে ভালো করে ধুয়ে ও শুকিয়ে ব্যবহার করুন।

বাস্তবসম্মত ক্লিনিং রুটিন তৈরি

এক দিনে পুরো ঘর পরিষ্কার করতে গেলে অতিরিক্ত ক্লান্তি আসতে পারে। তাই প্রতিদিনের টুকিটাকি কাজ; যেমন থালাবাসন ধোয়া, সপ্তাহের কাজ; যেমন বাথরুম ও মেঝে মোছা এবং মাসের বিশেষ কাজ; যেমন হিটার ও উঁচু স্থান পরিষ্কার করার আলাদা করে রুটিন বানিয়ে নিন। এতে ঘর সর্বদা পরিচ্ছন্ন থাকবে।

আজকের রাশিফল: কথার জাদুতে বাতাস বিক্রি করবেন, অফিসের গোপন খবরে কান দেবেন না

ছাইয়ের নিচে ঢাকা প্রাচীন রোমান নগরীর অন্দরমহল

মাসের শুরুতেই নতুন পোশাক কেনার কথা ভাবছেন? কেনার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে

খালি পেটে অলিভ অয়েল শট, টিকটকের এই ট্রেন্ড কতটা নিরাপদ

আজকের রাশিফল: সঙ্গীর প্রশংসায় কার্পণ্য করলে সন্ধ্যায় ঝড়ের পূর্বাভাস

যেভাবে শুরু হয়েছিল হ্যালোউইনের জাদুকরি পোশাকের রেওয়াজ

কম বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কেবল জিনগত নয়

টাইপ বি ব্যক্তিত্ব: কম চাপ, স্বস্তির জীবন নাকি অলসতার তকমা

আজকের রাশিফল: প্রশংসা পাওয়ার চেয়ে পিঠ বাঁচিয়ে চলা আজ জরুরি

জানুন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতায় কারা সবচেয়ে স্বাধীন