আমাদের প্রাত্যহিক জীবনে ঈর্ষা বা জেলাসি খুব পরিচিত নাম। মানুষের সহজাত আবেগগুলোর মধ্যে এটি অন্যতম, যা কমবেশি সবার মধ্যে থাকে। কখনো প্রিয় বন্ধুর দারুণ কোনো সাফল্যে মনের কোণে সূক্ষ্ম অস্বস্তি জাগে, আবার কখনো প্রিয় মানুষটি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে দেখলে হারানোর ভয় জেঁকে বসে। আসলে ঈর্ষা শুধু একটি অনুভূতি নয়; এটি রাগ, ভয়, নিরাপত্তাহীনতা এবং হীনম্মন্যতার এক জটিল সংমিশ্রণ। যখন আমাদের মনে হয়, কোনো প্রিয় সম্পর্ক বা প্রাপ্তি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই এই আবেগ মাথাচাড়া দিয়ে ওঠে।
স্বাভাবিক মাত্রায় ঈর্ষা অনেক সময় সম্পর্ককে গুরুত্ব দিতে শেখায়, কিন্তু এটি যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা জীবনের শান্তি কেড়ে নেয়। অবাস্তব সন্দেহ আর অতিরিক্ত অধিকারবোধ থেকে জন্ম নেওয়া এই আবেগ শুধু সম্পর্ককেই বিষিয়ে তোলে না, বরং মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। ঈর্ষা একটি সংকেতমাত্র। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা কোনো সম্পর্ককে খুব বেশি মূল্য দিচ্ছি। তাই একে ধ্বংসাত্মক হতে না দিয়ে, গঠনমূলকভাবে মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ। আত্মবিশ্বাস এবং পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক।
ঈর্ষার বিচিত্র রূপ
ঈর্ষা শুধু এক রকম নয়, এটি বিভিন্নভাবে আমাদের জীবনে প্রকাশ পায়। যখন সঙ্গীকে হারানোর পেছনে কোনো বাস্তব কারণ থাকে, তখন এই ধরনের অনুভূতি কাজ করে। একে আমরা যৌক্তিক ঈর্ষা বলতেই পারি। এটি সম্পর্ককে টিকিয়ে রাখার তাগিদ দিতে পারে। এ ছাড়া প্রায়ই ভাইবোনের মধ্যে একধরনের ঈর্ষা দেখা যায়। একে বলা হয় পারিবারির ঈর্ষা। যেমন পরিবারে নতুন শিশুর আগমনে বড় সন্তান যখন বাবা-মায়ের মনোযোগ কমে যাওয়ার ভয় পায়। এরপর কর্মক্ষেত্রেও একধরনের ঈর্ষা কাজ করে মানুষের মধ্যে; যা মূলত ক্ষমতা ও পেশাগত ঈর্ষা। সহকর্মীর পদোন্নতি বা সাফল্যের কারণে নিজের মধ্যে হীনম্মন্যতা তৈরি হওয়া। আরও একধরনের ঈর্ষা আছে, যাকে বলা হয় প্যাথলজিক্যাল বা অস্বাভাবিক ঈর্ষা। যখন কোনো বাস্তব ভিত্তি ছাড়াই সারাক্ষণ সঙ্গীকে সন্দেহ করা হয়। এটি অবসেসিভ বা একগুঁয়ে আচরণের জন্ম দেয়।
কেন আমরা ঈর্ষান্বিত হই
মনোবিজ্ঞানীদের মতে, ঈর্ষার মূল কারণ লুকিয়ে থাকে মানুষের মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রেক্ষাপটে। এর পেছনে প্রধানত কয়েকটি বিষয় দায়ী।
নিচু আত্মসম্মানবোধ: যখন কেউ মনে করেন, তিনি যথেষ্ট যোগ্য নন, তখন তাঁর মধ্যে ভয় জাগে যে সঙ্গী হয়তো তাঁকে ছেড়ে আরও ভালো কাউকে বেছে নেবে।
বিচ্ছেদের ভয়: একা হয়ে যাওয়ার ভয় মানুষকে অতিমাত্রায় সন্দেহপ্রবণ করে তোলে।
ব্যক্তিত্ব ও সংযুক্তি শৈলী: ছোটবেলার বেড়ে ওঠা বা পূর্বের সম্পর্কের অভিজ্ঞতা মানুষকে ঈর্ষাপ্রবণ করে তুলতে পারে।
নিউরোটিক আচরণ: সারাক্ষণ সঙ্গীর জামাকাপড় পরীক্ষা করা বা ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে দেখার মতো অবসেসিভ মনোভাব সম্পর্কের জন্য বিষাক্ত হয়ে দাঁড়ায়।
শরীর ও মনের ওপর ঈর্ষার প্রভাব
ঈর্ষা শুধু মনের কষ্ট নয়, এটি শরীরের ওপরও বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘস্থায়ী ঈর্ষা থেকে মাথাব্যথা, পেটব্যথা, বুক ধড়ফড় করা, উচ্চ রক্তচাপ এমনকি ঘুমের সমস্যার মতো শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে এটি ক্রমাগত অবিশ্বাস, দোষারোপ এবং তিক্ততার সৃষ্টি করে, যা শেষ পর্যন্ত সহিংসতা বা সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারে।
কীভাবে সামলাবেন এই আবেগ
ঈর্ষা চিরতরে নির্মূল করা সম্ভব নয়, তবে একে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। জীবনধারা ও চিন্তায় কিছু পরিবর্তন আনলে এই আবেগ সামলানো সহজ হয়।
ভয়ের মুখোমুখি হোন: আপনার ভয়ের মূল কারণ কী? কেন আপনি নিজেকে অনিরাপদ ভাবছেন? সেটা খুঁজে বের করুন এবং নিজেই নিজের কাছে তা স্বীকার করুন।
খোলামেলা আলাপ: সুস্থ সম্পর্কের ভিত্তি হলো যোগাযোগ। আপনার খারাপ লাগার বিষয়টি সঙ্গীকে স্পষ্টভাবে জানান। তবে তা যেন দোষারোপের ভাষায় না হয়, বরং সহমর্মিতার সঙ্গে হয়।
কৃতজ্ঞতা প্রকাশ: আপনার জীবনে যা কিছু সুন্দর ও প্রাপ্তি আছে, সেগুলোর কথা ভাবুন। কৃতজ্ঞতা মনের নেতিবাচকতা দূর করতে সাহায্য করে।
বাস্তবসম্মত প্রত্যাশা: সঙ্গী আপনার প্রতিটি মুহূর্ত শুধু আপনার সঙ্গেই কাটাবেন—এমন প্রত্যাশা করা ঠিক নয়। প্রত্যেকের ব্যক্তিগত জায়গার সম্মান দিতে শিখুন।
পেশাদার সাহায্য: যদি ঈর্ষা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দৈনন্দিন জীবন ব্যাহত করে, তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা থেরাপিস্টের পরামর্শ নেওয়া জরুরি। কগনিটিভ-বিহেভিয়ারাল থেরাপি এ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড, শোবিজ ডেইলি