হোম > জীবনধারা > জেনে নিন

ঘুম থেকে উঠেই ক্লান্ত অনুভব করার ৭ কারণ

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো শারীরিক অসুস্থতাও এর পেছনে থাকতে পারে।

ঘুম ভাঙার পরের জড়তা

গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠলে কিছু সময়ের জন্য শরীর ও মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হয় না। একে বলা হয় স্লিপ ইনার্শিয়া। এ সময়ে ঘুমঘুম ভাব, মাথা কিছুটা ভার লাগা, সিদ্ধান্ত নিতে অসুবিধা কিংবা সূক্ষ্ম কাজ করতে অস্বস্তি হতে পারে। সাধারণত ঘুম ভাঙার পর ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে মানুষ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। তাই ঘুম থেকে উঠে কিছুটা অলস বা ক্লান্ত লাগা সব সময় অসুস্থতার লক্ষণ নয়।

ঘুমের অনিয়ম

প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানো ও জাগা, দীর্ঘ সময় দিনের বেলা ঘুমানো কিংবা ঘুমানোর আগে দীর্ঘক্ষণ স্মার্টফোন ও কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকা এসব অভ্যাস ঘুমের মান নষ্ট করতে পারে। ঘর অতিরিক্ত গরম, আলো বা শব্দযুক্ত হওয়া এবং অস্বস্তিকর বালিশ বা বিছানাও ঘুমের ব্যাঘাত ঘটায়। ফলে বিছানায় দীর্ঘ সময় কাটালেও সকালে সতেজ অনুভূতি নাও আসতে পারে।

ছবি: পেক্সেলস

খাবার ও পানির প্রভাব

রাতে ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত ঝাল, তেল-চর্বিযুক্ত বা ভারী খাবার খেলে অনেকের হজমের সমস্যা হতে পারে। এতে ঘুম বারবার ভেঙে যেতে পারে। একইভাবে সন্ধ্যার পর অতিরিক্ত চা, কফি, চকলেট বা ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয় গ্রহণ ঘুম আসতে দেরি করাতে পারে। ঘুমানোর আগে বেশি পরিমাণে পানি পান করলেও রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যেতে পারে। ফলে সকালে শরীর ক্লান্ত লাগতে পারে।

শরীরচর্চার অভাব

নিয়মিত শরীরচর্চা ভালো ঘুমে সহায়তা করতে পারে। অন্যদিকে দীর্ঘদিন শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে ঘুমের মানে নেতিবাচক প্রভাব পড়ে। ঘুমানোর ঠিক আগে খুব ভারী ব্যায়াম করা উচিত নয়। তাই দিনের অন্য সময়ে নিয়মিত হাঁটা বা ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা উচিত।

ঘুমজনিত সমস্যা

ভালো ঘুমের অভ্যাস বজায় রাখার পরও যদি প্রতিদিন সকালে ক্লান্ত লাগে, তাহলে ঘুমজনিত কোনো সমস্যা এর পেছনে আছে কি না, সেটিও বিবেচনা করা প্রয়োজন। যেমন—স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে হাঁসফাঁস বা বাতাসের জন্য জেগে ওঠা, সকালে মুখ শুকিয়ে যাওয়া, মাথাব্যথা এবং পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত লাগা এর সম্ভাব্য লক্ষণ।

রক্তস্বল্পতা থেকে ক্লান্তি

শরীরে আয়রনের ঘাটতি থেকে হওয়া রক্তস্বল্পতার কারণে সারা দিন দুর্বল ও অবসন্ন লাগতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পরও অতিরিক্ত ক্লান্তি অনুভূত হতে পারে। এর সঙ্গে মাথা ঘোরা, দুর্বলতা, শ্বাসকষ্ট, বুকব্যথা কিংবা হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে।

ছবি: পেক্সেলস

উদ্বেগ ও মানসিক চাপ

দুশ্চিন্তা ও উদ্বেগ শুধু মনের ওপর নয়, ঘুমের ওপরও প্রভাব ফেলে। অতিরিক্ত চিন্তার কারণে ঘুমাতে দেরি হতে পারে বা রাতে ঘুম বারবার ভেঙে যেতে পারে। এর ফলে সকালে ঘুম থেকে উঠেও শরীর ও মন সতেজ লাগে না। মনোযোগে সমস্যা, অস্থিরতা, অতিরিক্ত চিন্তা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া বা ঘাম হওয়ার মতো উপসর্গও উদ্বেগের সঙ্গে থাকতে পারে।

সকালে সতেজ থাকতে যা করবেন

সকালে ক্লান্তি কমাতে প্রথমেই ঘুমের রুটিন ঠিক করা জরুরি। এ জন্য—

  • প্রতিদিন সম্ভব হলে একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করুন।
  • দিনের বেলা ঘুমালে তা ২০ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করুন এবং বিকেল বা সন্ধ্যার পর দীর্ঘ সময় ঘুমানো এড়িয়ে চলুন।
  • ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল, কম্পিউটার ও টেলিভিশনের ব্যবহার কমিয়ে দিন।
  • শোয়ার ঘর অন্ধকার, শান্ত ও আরামদায়ক রাখুন।
  • রাতে অতিরিক্ত ক্যাফেইন, ভারী খাবার ও বেশি পরিমাণে পানি গ্রহণ এড়িয়ে চলুন।
  • দিনের বেশির ভাগ সময় শারীরিকভাবে সক্রিয় থাকুন এবং নিয়মিত হালকা থেকে মাঝারি ব্যায়ামের অভ্যাস করুন।

সূত্র: মেডিকেল নিউজ টুডে ও অন্যান্য