হোম > জীবনধারা > জেনে নিন

খালি পেটে অলিভ অয়েল শট, টিকটকের এই ট্রেন্ড কতটা নিরাপদ

ফিচার ডেস্ক

খালি পেটে এক শট অলিভ অয়েল খেলে খাবারের অণুপুষ্টি গ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ অলৌকিক পরিবর্তন ঘটে না। ছবি: পেক্সেলস

ভোরবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস অলিভ অয়েল ও লেবুর রসের মিশ্রণ ঢকঢক করে গিলে ফেলা। বর্তমানে টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও তারকাদের সৌজন্যে ‘অলিভ অয়েল শট’ বেশ সাড়া ফেলেছে। বলা হচ্ছে, এটি হজমশক্তি বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, শরীর ডিটক্স করে এবং ওজন কমাতে সাহায্য করে। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে খালি পেটে তেল খাওয়ার এই অভ্যাস কতটা যৌক্তিক ও স্বাস্থ্যসম্মত? ট্রেন্ডে গা ভাসানোর আগে তাই এসব জেনে নেওয়া ভালো।

অলিভ অয়েল শটের দাবি ও বৈজ্ঞানিক ভিত্তি

মেডিটেরেনিয়ান ডায়েটের অন্যতম প্রধান অনুষঙ্গ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এতে প্রচুর পরিমাণে ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণসম্পন্ন পলিফেনল রয়েছে। এই উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ডায়াবেটিস জার্নালে এই বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়। ইঁদুরের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার গ্রহণের আগে অলিভ অয়েল খেলে তা পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে রক্তের শর্করা বা ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায় না। এটি আমাদের অন্ত্রের হরমোন উদ্দীপিত করে হজম প্রক্রিয়াকে ধীরগতির করে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইঁদুরের গবেষণার ওপর ভিত্তি করে মানুষের জন্য সরাসরি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। খালি পেটে এক শট অলিভ অয়েল খেলে খাবারের অণুপুষ্টি গ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ অলৌকিক পরিবর্তন ঘটে না।

স্বাস্থ্যঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া

কোনো কিছু খালি পেটে ঘন আকারে খাওয়া সবার শরীরের জন্য উপযোগী নাও হতে পারে। বিশেষজ্ঞরা এই শটের কিছু স্পষ্ট নেতিবাচক দিকের কথা তুলে ধরেছেন।

হজমজনিত সমস্যা: খালি পেটে ঘন চর্বি বা তেল খেলে বমি বমি ভাব, পেটে কামড় দেওয়া, পাতলা পায়খানা বা অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের পিত্তথলিতে পাথর বা সংবেদনশীল পাকস্থলী রয়েছে, তাদের জন্য এটি বেশ ক্ষতিকর।

এক শট তেল পান করার চেয়ে শাকসবজি, সালাদ, ডাল, মাছ বা স্যুপে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছড়িয়ে খাওয়া অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। ছবি: পেক্সেলস

দাঁতের এনামেলের ক্ষতি: লেবুর রস অত্যন্ত অম্লীয়। প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রসের শট খেলে দাঁতের এনামেল স্থায়ীভাবে ক্ষয়ে যেতে পারে।

অতিরিক্ত ক্যালোরি: প্রতি এক টেবিল চামচ অলিভ অয়েলে প্রায় ১২০ ক্যালোরি থাকে, যার পুরোটাই ফ্যাট। অন্যান্য খাবারের ক্যালোরি সামঞ্জস্য না করে প্রতিদিন বাড়তি তেল খেলে ওজন কমার বদলে উল্টো বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

শট নয়, অভ্যাসে আনুন অলিভ অয়েল

অলিভ অয়েলের আসল উপকারিতা নির্ভর করে তা নিয়মিত খাবারের অংশ করার ওপর। সকালে একবারে শট হিসেবে খাওয়ার ওপর এর উপকারিতা এতটাও নির্ভর করে না। কারণ এক শট তেল পান করার চেয়ে শাকসবজি, সালাদ, ডাল, মাছ বা স্যুপে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছড়িয়ে খাওয়া অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। যখন এটি অন্য আঁশযুক্ত খাবার বা প্রোটিনের সঙ্গে খাওয়া হয়, তখন শরীর পুষ্টি উপাদানগুলো আরও ভালোভাবে শোষণ করতে পারে।

ব্যবহারের সঠিক উপায়

সোশ্যাল মিডিয়ার ঝোঁকে পড়ে কৃত্রিম কোনো ‘ডিটক্স’ বা ‘অলিভ অয়েল শট’ খাওয়ার প্রয়োজন নেই। যদি চিকিৎসকের কোনো নিষেধাজ্ঞা না থাকে, তবে সামান্য অলিভ অয়েল খাওয়া ক্ষতিকর নয়, তবে এটি স্বাস্থ্য অর্জনের কোনো শর্টকাট পথও নয়। সঠিক ও সুষম খাবারের তালিকায় পরিমিত অলিভ অয়েল যুক্ত করাই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার চাবিকাঠি। অলিভ অয়েলের সর্বোচ্চ উপকারিতা পেতে সব সময় তাজা এবং উচ্চমানের কোল্ড-প্রেসড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বেছে নেওয়া উচিত। এই তেল গাঢ় কাঁচের বোতলে সংরক্ষিত থাকে। লেবেল দেখে ১২ থেকে ১৮ মাসের মধ্যে সংগৃহীত ও প্রক্রিয়াজাত তেল কেনা ভালো।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, অলিভ ওয়েল প্রফেসর

আজকের রাশিফল: সঙ্গীর প্রশংসায় কার্পণ্য করলে সন্ধ্যায় ঝড়ের পূর্বাভাস

যেভাবে শুরু হয়েছিল হ্যালোউইনের জাদুকরি পোশাকের রেওয়াজ

কম বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কেবল জিনগত নয়

টাইপ বি ব্যক্তিত্ব: কম চাপ, স্বস্তির জীবন নাকি অলসতার তকমা

আজকের রাশিফল: প্রশংসা পাওয়ার চেয়ে পিঠ বাঁচিয়ে চলা আজ জরুরি

জানুন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতায় কারা সবচেয়ে স্বাধীন

ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার তালিকায় কোন দেশ এগিয়ে

নার্সিসিস্টিক অ্যাবিউজের কারণে মস্তিষ্কের যে ধরনের ক্ষতি হয়

বিবলিওথেরাপি যেভাবে বদলাতে পারে জীবনের দৃষ্টিভঙ্গি

ইউটিউব সবচেয়ে বেশি দেখে কোন দেশের মানুষ