আশপাশে চোখ রাখলে দেখবেন কমবেশি সবাই খুব সুন্দর পরিপাটি হয়ে ঘরের বাইরে বের হন। একটু বিবি ক্রিম, প্রেসড পাউডার, মেকআপ স্প্রে সবার সাজবাক্সেই থাকে। তবে সাজসজ্জা যাই করুন না কেন, ঘুমানোর আগে মেকআপ ঠিকঠাক তোলা না হলে পরবর্তী সময়ে ত্বকের ভোগান্তির অন্ত থাকে না। মনে রাখতে হবে, শুধু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেওয়াই মেকআপ তোলার জন্য যথেষ্ট নয়। মেকআপের পরত যদি ত্বকে বুলিয়ে নেওয়ার অভ্যাস থাকে তাহলে শুধু মেকআপ রিমুভার বা ফেসওয়াশে ভরসা রাখাই যথেষ্ট নয়। তাহলে উপায়? জেনে নিন বিস্তারিত।
বাড়ি ফিরে সরাসরি গোসলে না ঢুকে ড্রেসিং টেবিলের সামনে বসুন। তবে প্রথমেই হাত পরিষ্কার করে নিতে হবে। মুখ পরিষ্কার করার আগে হাত স্যানিটাইজ করে নেওয়া ভালো। এতে হাতে লেগে থাকা জীবাণু মুখের ত্বকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। প্রথমে অলিভ অয়েল একটু বেশি পরিমাণে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। মুখে তেল বসে যাওয়ার জন্য একটু সময় দিন। তেল কিছুক্ষণ মুখে রেখে ম্যাসাজ করলে মাসকারা, কাজল, লিপস্টিক খুব সহজেই তুলে ফেলা যাবে। ডিপ ক্লিনজিংয়ের প্রথম ধাপ এটি।
মেকআপ তোলার জন্য ক্লিনজিং মিল্ক বা অয়েল বেসড ক্লিনজার বেশি ভালো। এগুলো কমপক্ষে ১০ থেকে ১৫ সেকেন্ড মুখে ম্যাসাজ করলেই গভীর থেকে ত্বক পরিষ্কার হয়ে যায়। এরপর কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিতে হবে। তারপর ত্বকের উপযোগী ফেসওয়াস ও স্পঞ্জ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এরপর গরম পানির ভাপ নিলে লোমকূপের গোড়া সহজেই খুলে যাবে। ত্বকে ফিরে আসবে সতেজতা।
রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘ভালো মানের মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলা উচিত। ত্বকের সুরক্ষায় প্রাকৃতিক উপাদান দিয়েও মেকআপ তোলা যায়। আলু থেঁতলে যে রস বের হয়, তা মুখে ১০ থেকে ১৫ মিনিট মালিশ করুন। এটি মেকআপ তুলতে সাহায্য করবে। এই কায়দায় চোখের মেকআপও তোলা যাবে। চোখের নিচের কালি দূর করতেও কাজে দেয় এটি। এ ছাড়া কচি শসা ভালোভাবে ব্লেন্ড করে তার রস মুখে লাগালে মেকআপ উঠবে। এটি ত্বকের জন্যও ভালো।’
মেকআপ তোলার পর ত্বকে কোনো ডিপ ক্লিনজিং প্যাক লাগানো হলে ত্বক নিয়ে দুশ্চিন্তা দূর হয়। প্রাকৃতিক কয়েকটি উপাদানের সংমিশ্রণেই এই ডিপ ক্লিনজিং প্যাক তৈরি করা সম্ভব।
শারমিন কচি জানান, পাকা টমেটোর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। অল্প পরিমাণ সুজি টেলে লাল করে নিয়ে টমেটোর রসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি একই সঙ্গে মেকআপ রিমুভার এবং স্ক্রাবারের কাজ করবে। এটি ব্যবহারে লোমকূপ খুলে যায় বলে ত্বক গভীর থেকে পরিষ্কার হয়।
দুই টেবিল চামচ টক দই, এক চা-চামচ মধু ও এক চা-চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। পুরো মুখে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর কুসুম গরম পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি লোমকূপের গভীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। ত্বকের জেল্লা বাড়াতে খুব ভালো কাজ করে এই প্যাকটি।
দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে দুই টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। একটু সময় রেখে আধ শুকনো হলে আঙুল দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের ডিপ ক্লিনজিং প্যাক হিসেবে এটি নির্ভরযোগ্য।
প্রয়োজনমতো বেসনের সঙ্গে কাঁচা হলুদ বাটা ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এরপর কুসুম গরম পানি ও তোয়ালে দিয়ে রগড়ে ধুয়ে নিন।
চোখের মেকআপ তোলার সময় রাসায়নিক উপাদান রয়েছে এমন মেকআপ রিমুভার ব্যবহার না করাই ভালো। ত্বকে ব্যবহার উপযোগী নারকেল তেল, আমন্ড, অলিভ অয়েল ইত্যাদির মতো প্রাকৃতিক তেল কটন প্যাড নিয়ে তারপর চোখের পাতার মেকআপ তুলতে হবে।
মেকআপ তোলার সময় কপালের শেষ ভাগের হেয়ার লাইনের কথাও মনে রাখতে হবে। এই অংশ থেকে মেকআপ ভালোভাবে তোলা না হলে ব্রণ হওয়ার আশঙ্কা রয়েছে।
কটন বলের চেয়ে কটন প্যাড ব্যবহার করলে মেকআপ তোলা সহজ হয়।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য